রাজশাহীতে কলাবাগান থেকে তিন বস্তা গাঁজা উদ্ধার; জড়িতদের শনাক্তে অভিযান চলছে
- আপডেট সময় : ০৯:১৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে

রাজশাহীতে কলাবাগান থেকে তিন বস্তা গাঁজা উদ্ধার; জড়িতদের শনাক্তে অভিযান চলছে
রাজশাহীতে একটি কলাবাগান থেকে পরিত্যাক্ত অবস্থায় তিন বস্তা গাঁজা উদ্ধার করেছে পুলিশ। যার ওজন ৫৩ কেজি ৪০০ গ্রাম। পুলিশের দাবি, আরএমপির ইতিহাসে এক অভিযানে এটিই সর্বোচ্চ পরিমাণ গাঁজা উদ্ধারের ঘটনা।
শনিবার (৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে মহানগরের কাটাখালী থানার কাপাসিয়া গ্রামে মেসার্স সোহাইল ফিলিং স্টেশন থেকে প্রায় ১৫০ গজ পূর্বে রাজশাহী-নাটোর মহাসড়কের উত্তর পাশের একটি কলাবাগানে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
আরএমপি জানায়, শনিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাটাখালী পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে কলাবাগানে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা তিনটি চটের বস্তা উদ্ধার করেন। পরে বস্তাগুলো তল্লাশি করে ৯টি পোটলায় রাখা মোট ৫৩ কেজি ৪০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মহাসড়কে পুলিশের চেকপোস্ট থাকায় গ্রেপ্তারের আশঙ্কায় মাদক কারবারিরা গাঁজার চালানটি কলাবাগানে ফেলে পালিয়ে যায়। পরে সেগুলো পরিত্যক্ত আলামত হিসেবে জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।
উদ্ধার হওয়া গাঁজা থানার মালখানায় সংরক্ষণ করা হয়েছে। এ ঘটনায় মাদকের প্রকৃত মালিক ও এর সঙ্গে জড়িতদের শনাক্ত এবং গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আরএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান পুলিশ কমিশনারের নেতৃত্বে মহানগরজুড়ে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক নির্মূলে ধারাবাহিকভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।
















