এইচএসসি ফরম ফিলাপের টাকা আত্মসাতের অভিযোগে আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহকারী গ্রেপ্তার
- আপডেট সময় : ০২:৪৫:২২ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ১১৪ বার পড়া হয়েছে

এইচএসসি ফরম ফিলাপের টাকা আত্মসাতের অভিযোগে আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহকারী গ্রেপ্তার
এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপের নামে শিক্ষার্থীর কাছ থেকে টাকা নিয়ে ফরম পূরণ না করে আত্মসাতের অভিযোগে নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহকারী অমিত কুমার সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম।
প্রেস ব্রিফিংয়ে শফিকুল ইসলাম বলেন, গত ১২ মার্চ ২০২৬ বেলা ১১টার দিকে বড়বড়িয়া গ্রামের বাসিন্দা মো. ইমামুল হকের মেয়ে ও আব্দুলপুর সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোছা. ইসরাত জাহান সূচি ফরম ফিলাপের জন্য ৩ হাজার ৫০০ টাকা, ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে কলেজে যান। এ সময় কলেজের অফিস সহকারী অমিত কুমার সরকার তার কাছ থেকে সব কাগজপত্র ও টাকা গ্রহণ করে ফরম ফিলাপ করে দেওয়ার আশ্বাস দেন। পরবর্তীতে বিভিন্ন সময়ে ইসরাত ফরম ফিলাপের অগ্রগতি জানতে চাইলে অমিত সরকার তাকে আশ্বস্ত করেন যে, নির্ধারিত সময়ের মধ্যেই সব সম্পন্ন হবে। পরে প্রবেশপত্র বিতরণের সময় এলে অমিত সরকার নানা অজুহাতে প্রবেশপত্র না দিয়ে বিষয়টি এড়িয়ে যান।
তিনি বলেন, গত ১ জুলাই ইসরাত ও তার বাবা কলেজের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করলে কম্পিউটার যাচাই করে জানা যায়, ইসরাতের ফরমই পূরণ করা হয়নি। অভিযোগ অনুযায়ী, ফরম ফিলাপের টাকা আত্মসাৎ করতেই অফিস সহকারী অমিত কুমার সরকার প্রতারণার আশ্রয় নেন। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মো. ইমামুল হক বাদী হয়ে লালপুর থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন।
মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় লালপুর থানা পুলিশের একটি দল শুক্রবার (৩ জুলাই) রাতে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকা থেকে অমিত কুমার সরকারকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার অমিত সরকারের বিরুদ্ধে অপরাধজনক বিশ্বাসভঙ্গ ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা রুজু করা হয়েছে। শনিবার (৪ জুলাই) তাকে আদালতে পাঠানো হয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে বলা হয়।













