মান্দায় পাচারকালে ৪৫ বস্তা রাসায়নিক সার আটক
- আপডেট সময় : ১০:২৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ৫২ বার পড়া হয়েছে

মান্দায় পাচারকালে ৪৫ বস্তা রাসায়নিক সার আটক
স্থানীয়দের তৎপরতায় ভটভটি ফেলে পালায় চালকরা, জব্দ সার কৃষকদের কাছে বিক্রি
নওগাঁর মান্দা উপজেলায় পাচারের সময় ৪৫ বস্তা রাসায়নিক সার আটক করেছে স্থানীয় বাসিন্দারা। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার কালিকাপুর স্কুল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মান্দা উপজেলা থেকে পাশের বাগমারা উপজেলায় পাচারের উদ্দেশ্যে দুটি ভটভটিতে করে এসব সার নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এলাকাবাসী কালিকাপুর স্কুল মোড়ে অবস্থান নিয়ে যানবাহন দুটি আটক করে। এ সময় পরিস্থিতি বেগতিক দেখে চালকেরা ভটভটি ফেলে পালিয়ে যান।
পরে খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে সারগুলো জব্দ করেন। আটককৃত সারের মধ্যে ২০ বস্তা টিএসপি এবং ২৫ বস্তা ডিএপি ছিল।
মালিকের সন্ধান না পাওয়ায় প্রশাসন সরকারি নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের কাছে সারগুলো বিক্রি করে দেয়। এর মধ্যে টিএসপি প্রতি বস্তা ১,৩৫০ টাকা এবং ডিএপি প্রতি বস্তা ১,০৫০ টাকা দরে বিক্রি করা হয়।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাইমেনুল ইসলাম এবং উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ শহিদুল্লাহসহ স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ জানান, মালিক না থাকায় সরকারি নির্ধারিত দামে সারগুলো কৃষকদের মাঝে বিক্রি করা হয়েছে। বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।



















