মান্দায় কুসুম্বা ইউনিয়ন জামায়াতে ইসলামীর কার্যালয় উদ্বোধন
- আপডেট সময় : ০২:৪৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ ৩৬৩ বার পড়া হয়েছে

মান্দায় কুসুম্বা ইউনিয়ন জামায়াতে ইসলামীর কার্যালয় উদ্বোধন
দেলুয়াবড়ি বাজারে নতুন কার্যালয়, উদ্বোধনী অনুষ্ঠানে নেতাকর্মীদের উপস্থিতি
নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়ন জামায়াতে ইসলামীর কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে দেলুয়াবড়ি বাজারে এশিয়া ব্যাংকের পাশে আনুষ্ঠানিকভাবে কার্যালয়টির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে কুসুম্বা ইউনিয়ন জামায়াতের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৪ (মান্দা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী খন্দকার আব্দুর রাকিব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা মোস্তফা আল আমিন, উপজেলা নায়েবে আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ, উপজেলা জামায়াতের আমির ডা. আমিনুল ইসলাম, সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন, সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য ও যুব বিভাগের সভাপতি আব্দুল মালেক এবং কুসুম্বা ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ শফিউদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আব্দুর রাকিব বলেন, “এই কার্যালয় কোনোভাবেই চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি বা পুকুর দখলের সঙ্গে যুক্ত থাকবে না। বরং ইসলামের শিক্ষা প্রচার ও মানুষের নৈতিক উন্নয়নের লক্ষ্যে কাজ করাই এই কার্যালয়ের প্রধান উদ্দেশ্য।”
অনুষ্ঠানে আরও ঘোষণা দেওয়া হয় যে, মোজাফফর হোসেন তার ব্যক্তিগত ঘর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুসুম্বা ইউনিয়ন কার্যালয় হিসেবে ব্যবহারের জন্য প্রদান করেছেন। এ ঘোষণায় উপস্থিত নেতাকর্মীরা সন্তোষ ও প্রশংসা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে নবউদ্বোধিত কার্যালয়ের সার্বিক সফলতা কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

























