বাগাতিপাড়ায় দিনমজুর পরিবারের ঈদের আনান্দ ছাই করে দিল আগুন
- আপডেট সময় : ০৫:১৬:১৫ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫ ১৩০৩ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় দিনমজুর পরিবারের ঈদের আনান্দ ছাই করে দিল আগুন
নাটোরের বাগাতিপাড়ায় এক মাস আগে ঋণ নিয়ে মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করতে একটি টিনের ঘর তুলেছিলেন দিনমজুর আব্দুল বারিক ও মলি বেগম দম্পতি। এই দম্পতি ভেবেছিলেন এই নতুন ঘরে এবার অনন্দের সাথে ঈদ করবেন। কিন্তু হঠাৎ আগুন লেগে মুহূর্তেই সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে ঈদের আনান্দ ছাই হয়ে গেছে এই দিনমজুর পরিবারের। রবিবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের চিতলীপাড়া গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল বারিকের স্ত্রী মলি বেগম রান্না করার সময় চুলা থেকে আগুনের সূত্রপাত হয় এবং মূহুর্তেই তা সারা বাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় তাদের চিৎকারে এলাকাবাসীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আশপাশে পানির ব্যবস্থা না থাকায় তারা ব্যর্থ হন। পরে তারা দয়ারামপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসে খবর দেওয়ার আগেই সর্বনাশা আগুন দিনমজুর আব্দুল বারিক ও মলি বেগম দম্পতির সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। চাইয়ের সাথে মিশে যায় ঈদের আনন্দ। খোলা আকাশের নিচে রাত্রিযাপন করতে হচ্ছে তাদের।
দিনমজুর আব্দুল বারিক জানান, তিনি ঘরে শুয়ে ছিলেন হঠাৎ শব্দ শুনে ঘর থেকে বের হয়ে দেখেন রান্না ঘরে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যেই আগুন পাশের বসত ঘরে ছড়িয়ে পরে। এ সময় ঘর থেকে চাল, ডাল বের করতে গিয়ে আগুনের তাপে তার হাত ও পিঠের কিছু অংশ পুড়ে যায়। তাদের চোখের সামনে আগুনে সব শেষ হয়ে গেছে।
বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার হা-মীম তাবাসসুম প্রভা বলেন, অগ্নিকাণ্ডের খবরে এদিন রাতেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহযোগিতা হিসেবে তাৎক্ষণিক ভাবে ২৫ কেজি চাল ও নগদ ৫হাজার টাকা অর্থসাহায্য পৌঁছে দেয়া হয়েছে।



















