পীরগঞ্জে সরকারি রেকর্ডভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ
- আপডেট সময় : ০৪:৪০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ২৯১ বার পড়া হয়েছে

পীরগঞ্জে সরকারি রেকর্ডভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ
গ্রামবাসীর চলাচলে বাধা, প্রশাসনের পর্যবেক্ষণে নিয়ে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ১নং ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া মৌজায় সরকারি রেকর্ডভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। অভিযোগকারীরা বিভিন্ন দপ্তরে লিখিতভাবে বিষয়টি জানানো হলেও এখনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ৬নং ওয়ার্ডের মৃত ইব্রাহিমের ছেলে মোঃ সিরাজুল ইসলাম জানান, বাবুল ইসলাম ও তার পরিবার সেনুয়ার সরকারি রেকর্ডভুক্ত রাস্তার পাশে বাড়ি নির্মাণ শুরু করেছেন। অভিযোগ অনুসারে, বাড়ির পিলার ও প্রাচীর বসানো হয়েছে এমনভাবে যা গ্রামের সাধারণ চলাচলে বাধা সৃষ্টি করছে।
গ্রামবাসী বলেন, বাবুল ইসলামকে নিয়ম মেনে কাজ বন্ধ করতে বললেও তিনি কোনো গুরুত্ব না দিয়ে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন, বর্ষার সময়ে আশপাশের কৃষি জমি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং রেকর্ডভুক্ত রাস্তার গাছগুলোও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ বিষয়ে বাবুল ইসলামের পরিবারের লোক ড্রাইভার রফিক মিয়া মুঠোফোনে জানান, “সরকারি রাস্তার উপর বাড়ি নির্মাণের বিষয়টি সরকার এবং আমরা বুঝবো, আপনাদের কী?” তিনি দাবি করেছেন, রেকর্ডভুক্ত রাস্তার উপর কোনো গৃহনির্মাণ করছেন না।
স্থানীয় ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন, “রোজা-রমজানের সময় সালিশ মীমাংসা আপাতত স্থগিত রাখা হয়েছে। ভূমি সংক্রান্ত বিষয়টি প্রশাসনের দায়িত্ব।”
পীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এন এম ইসফাকুল ইসলাম বলেন, “অভিযোগটি আমরা গ্রহণ করেছি। ভূমি অফিস থেকে লোক পাঠানো হয়েছে। এলাকা পরিদর্শনের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”




















