পঞ্চগড়-১ আসনের ফলাফল নিয়ে বিতর্ক, পুনর্গণনার দাবি সারজিস আলমের
- আপডেট সময় : ০৫:০৭:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ ৩৩৪ বার পড়া হয়েছে

পঞ্চগড়-১ আসনের ফলাফল নিয়ে বিতর্ক, পুনর্গণনার দাবি সারজিস আলমের
সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পঞ্চগড়-১ আসনের ফলাফল নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াত সমর্থিত ১১-দলীয় জোটের প্রার্থী সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন।
বেসরকারি ফলাফলের ভিত্তিতে বিএনপির প্রার্থী ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের কাছে ৮ হাজার ১২০ ভোটের ব্যবধানে পরাজিত হন ১১-দলীয় ঐক্যজোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
ফল ঘোষণা চলাকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিজয়ী প্রার্থীর পাশে উপস্থিত ছিলেন সারজিস আলম। ফলাফল ঘোষণার পর তিনি বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানান। উপস্থিতদের অনেকে বিষয়টিকে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।
তবে রাতে ফেসবুক পোস্টে সারজিস আলম নির্বাচনী প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। তিনি লেখেন,
“জনগণের রায়কে আমি সম্মান করি, কিন্তু কয়েকটি কেন্দ্রে অনিয়ম এবং ফল পরিবর্তনের আশঙ্কা রয়েছে বলে আমাদের কাছে অভিযোগ এসেছে। এসব অভিযোগ যাচাই না হলে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকে যাবে। তাই স্বচ্ছতা নিশ্চিত করতে সব কেন্দ্রের ভোট পূর্ণাঙ্গভাবে পুনরায় গণনার দাবি করছি।”
এর আগে অভিনন্দন বার্তায় তিনি বলেন,
“আমরা একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছি। ব্যারিস্টার নওশাদ জমির ভাইকে শুভেচ্ছা জানাতে এসেছি। জনগণ যদি এক ভোটেও এগিয়ে রাখে, সেই রায়কে সম্মান করা আমাদের রাজনৈতিক শিষ্টাচারের অংশ। প্রতিদ্বন্দ্বীকে সম্মান দেখানো এবং তাঁর খুশির মুহূর্তে পাশে থাকা আমাদের দায়িত্ব।”
পুনর্গণনার দাবির পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু বলেন,
“ফলাফল ঘোষণার সময় আমি নিজে উপস্থিত ছিলাম। প্রতিটি কেন্দ্রে আমাদের এজেন্ট ছিলেন। কোথাও কোনো অনিয়মের খবর পাইনি। সারজিস আলম নিজেই বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন। এরপর এমন বক্তব্য দেওয়া রাজনৈতিকভাবে সমীচীন নয়।”
এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচনী আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে যে কোনো প্রার্থী লিখিতভাবে আপত্তি জানাতে এবং পুনর্গণনার আবেদন করতে পারেন। অভিযোগ পেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




















