ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু
- আপডেট সময় : ০১:২৭:২৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ১৯০ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু
হরিপুরে দুর্ঘটনার পর রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মৃত ঘোষণা
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কামারপুকুর পূর্বপাড়া মিলন বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় রুস্তম আলী (৯০) নামের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রুস্তম আলী ওই এলাকার মৃত কেরামত আলীর ছেলে। পরিবারের সদস্যরা জানান, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় এলাকায় ঘোরাফেরা করতেন। এর আগেও একাধিকবার সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন।
নিহতের ছেলে খোরশেদ আলী বলেন, “আমার বাবা মানসিক ভারসাম্যহীন ছিলেন। কয়েকবার দুর্ঘটনায় আহত হওয়ার পরও বেঁচে ফিরেছিলেন। তবে এবার আর রক্ষা হলো না। এ ঘটনায় আমাদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই।”
এ বিষয়ে রাণীশংকৈল থানার এসআই মানিক জানান, দুর্ঘটনাটি হরিপুর উপজেলায় ঘটেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




















