ঝিনাইগাতীর লয়খায় জমি নিয়ে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত কয়েকজন
- আপডেট সময় : ১০:৪০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ৫১২ বার পড়া হয়েছে

ঝিনাইগাতীর লয়খায় জমি নিয়ে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত কয়েকজন
আদালতের ১৪৪ ধারা অমান্য করে ঘর নির্মাণের চেষ্টা, উত্তেজনা
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হাতীবান্দা ইউনিয়নের লয়খা গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইউপি সদস্য ইউসুফ আলী গুরুতর আহতসহ কয়েকজন আহত হয়েছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে লয়খা গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জমির মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে নূর হানিফ ও আব্দুল করিম গংদের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে নূর হানিফ আদালতে ১৪৪ ধারা জারির আবেদন করলে ভূমি অফিসের প্রতিবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট জমির ওপর ১৪৪ ধারা জারি করা হয়।
স্থানীয়রা জানান, আদালতের নির্দেশনা অমান্য করে বিবাদী পক্ষ জোরপূর্বক জমিতে একটি ছাপড়া ঘর নির্মাণের চেষ্টা করলে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। খবর পেয়ে ইউপি সদস্য ইউসুফ আলী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত থাকার এবং আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান।
পুলিশ ঘটনাস্থল ত্যাগের পর অভিযোগ রয়েছে, বিবাদী পক্ষের আব্দুল করিম ও তার লোকজন লাঠিসোটা নিয়ে ইউসুফ আলীর ওপর হামলা চালায়। এতে তার মাথা ফেটে যায় এবং তিনি গুরুতর আহত হন। পরে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয়রা আহত ইউসুফ আলীকে উদ্ধার করে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতাল-এ ভর্তি করেন। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ রেফার্ড করেন।
সংঘর্ষে কয়েকজন নারীসহ আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে ঝিনাইগাতী থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে ইউপি সদস্য ইউসুফ আলী গুরুতর আহত হয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




















