ঝিনাইগাতীতে দুই শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
- আপডেট সময় : ০৫:১১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ ২৫৭ বার পড়া হয়েছে

ঝিনাইগাতীতে দুই শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
‘ভয়েস অব ঝিনাইগাতী’র উদ্যোগে অস্বচ্ছলদের পাশে প্রবাসী গবেষক ড. জাফর ইকবাল
পবিত্র মাহে রমজান উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে দুই শতাধিক অস্বচ্ছল পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলার স্থানীয় উত্তরণ পাবলিক স্কুল মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন ভয়েস অব ঝিনাইগাতী-এর ব্যবস্থাপনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে অবস্থিত একটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রধান গবেষক ড. জাফর ইকবাল-এর আর্থিক সহায়তায় উপজেলার দুই শতাধিক পরিবারের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল ছোলা-বুট, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবণ, মুড়ি ও চিনি।
অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সদর ইউপি সদস্য মো. জাহিদুল হক মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির সভাপতি আলহাজ্ব মোখলেছুর রহমান খান মক্কু। এছাড়া সংগঠনের সদস্য, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মো. জাহিদুল হক মনির বলেন, রমজান সহমর্মিতা ও ত্যাগের মাস। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। নিম্ন আয়ের অনেক মানুষ ইফতার সামগ্রী ক্রয়ে হিমশিম খান। তাদের কথা বিবেচনা করেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, একজন মানুষের মুখে হাসি ফোটাতে পারাই সবচেয়ে বড় প্রাপ্তি। হয়তো এই সামান্য সহায়তাই কোনো পরিবারের জন্য স্বস্তি বয়ে আনবে এবং রোজা পালনে সহায়ক হবে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।




















