ঝিনাইগাতীতে জামায়াত নেতা রেজাউল করিম হত্যাকাণ্ড: হত্যা মামলা দায়ের, আসামি অজ্ঞাতসহ ৭৩১ জন
- আপডেট সময় : ০৪:৫৪:১৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬ ২২৯ বার পড়া হয়েছে

ঝিনাইগাতীতে জামায়াত নেতা রেজাউল করিম হত্যাকাণ্ড: হত্যা মামলা দায়ের, আসামি অজ্ঞাতসহ ৭৩১ জন
বিএনপি প্রার্থীসহ ২৩১ জনের নাম উল্লেখ, অজ্ঞাতনামা আরও ৪০০–৫০০ জন আসামি
শেরপুরের ঝিনাইগাতীতে জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিম হত্যাকাণ্ডের ঘটনায় ঝিনাইগাতী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেলসহ বিএনপির ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলা পর্যায়ের আহ্বায়ক ও সদস্য সচিবসহ মোট ২৩১ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহত রেজাউল করিমের স্ত্রী মার্জিয়া বাদী হয়ে ঝিনাইগাতী থানায় মামলাটি দায়ের করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুর জেলা আমির মাওলানা হাফিজুর রহমান জানান, গত ২৮ জানুয়ারি ঝিনাইগাতী উপজেলায় নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে সংঘর্ষের সময় জামায়াত নেতা রেজাউল করিম নিহত হওয়ার ঘটনায় এই হত্যা মামলা দায়ের করা হয়েছে।
তিনি জানান, ওই দিন বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিকসহ শতাধিক ব্যক্তি আহত হন।
সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে মামলার অগ্রগতি বিষয়ে শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁইয়া। তিনি বলেন, ঘটনার সঙ্গে কারা সম্পৃক্ত—তা যাচাই-বাছাই চলছে। যাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যাবে, তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।
তিনি আরও জানান, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।




















