চাটমোহরের ভুট্টাক্ষেত থেকে বড়াইগ্রামের কন্যা শিশুর মুখ ঝলসানো বিবস্ত্র লাশ উদ্ধার!
- আপডেট সময় : ০২:৪৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ ৫৮৭ বার পড়া হয়েছে

চাটমোহরের ভুট্টাক্ষেত থেকে বড়াইগ্রামের কন্যা শিশুর মুখ ঝলসানো বিবস্ত্র লাশ উদ্ধার!
পাবনার চাটমোহরের একটি ভুট্টাক্ষেত থেকে নাটোরের বড়াইগ্রামের ৭ বছরের এক কন্যা শিশু জুঁই খাতুনের মুখ ঝলসানো বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে চাটমোহর উপজেলার রামপুর বিলের ভুট্টাক্ষেত থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যার পরে নিখোঁজ হয় সে। নিহত জুঁই খাতুন বড়াইগ্রাম উপজেলার গাড়ফা উত্তরপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী জাহিরুল ইসলামের মেয়ে ও গাড়ফা আজেদা নূরানী কিন্ডার গার্ডেন মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার পহেলা বৈশাখ উপলক্ষ্যে শিশু জুঁই সকালে নতুন জামা পড়ে, মুখে নানা প্রসাধনী মেখে প্রবাসী বাবার সাথে ভিডিও কলে কথাও বলেছে। বাবা-মেয়ের মধ্যে কিছুটা খুনসুঁটি চলার পর কথা শেষ করে সারাদিন ঘোরাঘুরি ও খেলাধুলা করে জুঁই। সন্ধ্যায় প্রতিবেশী দাদির বাড়িতে যাওয়ার কথা বলে বের হয়ে সে আর ফিরে আসেনি। মঙ্গলবার সকালে স্থানীয় কৃষকেরা শিশুটিকে ভুট্টা ক্ষেতে পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনকে খবর দেয়। এ সময় তার মুখে পোড়া চিহ্ন ও পরনের প্যান্ট গলায় পেঁচানো ছিল। পরে খবর পেয়ে চাটমোহর থানা পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা হাসপাতালের মর্গে প্রেরণ করে। এই ঘটনায় চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরজুমা আক্তার, চাটমোহর থানার ওসি মঞ্জুরুল আলম, বড়াইগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয়দের অভিযোগ, ধর্ষণের পর তাকে শ্বাসরোধে হত্যা করে পরিচয় লুকাতে তার মুখ ঝলসে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল আলম বলেন, শিশুটির স্বজনরা মরদেহ শনাক্ত করেছেন। শিশুটির বাড়ি বড়াইগ্রাম উপজেলায় হলেও মরদেহ উদ্ধার হয়েছে চাটমোহর থানা এলাকায়। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করেছে শিশুটির পরিবার। ময়নাতদন্তের রিপোর্ট এলে জানা যাবে শিশু জুঁইয়ের মৃত্যু কিভাবে হয়েছে এবং তার মুখ কি দিয়ে ঝলসানো হয়েছে। ক্লু-লেস এই ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে পুলিশ বলে জানান ওসি মঞ্জুরুল আলম।
এদিকে এই মামলায় চাটমোহর থানা পুলিশকে সাব ধরণের হসহযোগিতা করবে বড়াইগ্রাম থানা পুলিশ বলে জানিয়েছেন বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান।




















