গাইবান্ধার মহাসড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৪!
- আপডেট সময় : ০৬:৫৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩ ৩২৬ বার পড়া হয়েছে

গাইবান্ধার মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ৪!
বিশেষ প্রতিনিধিঃ
গাইবান্ধার মহাসড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৪! গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় মহাসড়কে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়া পথে আরও তিনজন মারা গেছে। নিহতরা সকলেই সিএনজির যাত্রী বলে জানা গেছে। এসময় গুরুতর আহত হয় আরো একজন। শুক্রবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে তালুককানুপুর ইউনিয়নের তাল তলা হাইস্কুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত চার জনের মধ্যে তিন জনের পরিচয় পাওয়া গেছে আর একজনের পরিচয় পাওয়া যায়নি। নিহত তিনজন হলেন, উপজেলার তালুকানুপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের বোরহানের ছেলে আব্দুল লতিফ (৪২),পলাশবাড়ী উপজেলার শ্রীতলা গ্রামের আবু বক্করের ছেলে ইদ্রীস আলী (২৮) ও একই গ্রামের এনামুল হকের ছেলে রোহান (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল সাড়ে পাঁচটার দিকে যাত্রী বোঝাই একটি সিএনজি গোবিন্দগঞ্জ থেকে কোমরপুরের দিকে যাওয়া সময় তালুককানুপুর ইউনিয়নের তাল তলা হাইস্কুল এলাকায় রংপুর থেকে ছেড়ে আসা অজ্ঞাত একটি বাস সিএনজিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে এক যাত্রী ও হাসপাতালে নেওয়া পথে আরো তিন যাত্রীর মৃত্যু হয়।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়।
উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইজার হোসেন, হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইজার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করা বলেন, ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। আর ঘাতক বাসটি আটকের চেষ্টা চলছে।



















