একই গ্রাম থেকে তিন এমপি: চট্টগ্রামের গহিরায় ‘রাজনৈতিক চমক’
- আপডেট সময় : ০২:৪৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ২৫০ বার পড়া হয়েছে

একই গ্রাম থেকে তিন এমপি: চট্টগ্রামের গহিরায় ‘রাজনৈতিক চমক’
একই দলের তিন সংসদ সদস্য, তাদের মধ্যে দুজন একই পরিবারের-উৎফুল্ল গ্রামবাসী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের একটি গ্রাম থেকে একই সময়ে তিনজন সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। দেশের রাজনৈতিক অঙ্গনে বিরল এই ঘটনায় উৎফুল্ল হয়ে উঠেছেন গ্রামবাসীসহ চট্টগ্রামবাসী।
চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা গ্রাম থেকে নির্বাচিত তিন সংসদ সদস্য হলেন—গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, হুম্মাম কাদের চৌধুরী ও সাঈদ আল নোমান। তিনজনই একই রাজনৈতিক দলের মনোনয়নে পৃথক তিনটি আসন থেকে নির্বাচিত হয়েছেন।
এর মধ্যে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও হুম্মাম কাদের চৌধুরী একই পরিবারের সদস্য। গিয়াস উদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রাম-৬ (রাউজান) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি বিএনপির সাবেক নেতা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই। এর আগে এই আসন থেকে সালাউদ্দিন কাদের চৌধুরী একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
অন্যদিকে, গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ভাতিজা হুম্মাম কাদের চৌধুরী চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি পূর্বে আলোচিত একটি ঘটনায় গুম থেকে ফেরত আসার পর জাতীয় রাজনীতিতে নতুন করে আলোচনায় আসেন।
একই গ্রামের আরেক বাসিন্দা সাঈদ আল নোমান চট্টগ্রাম-১০ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি প্রয়াত বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের ছেলে।
স্থানীয়রা জানান, একই গ্রাম থেকে তিনজন সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় গহিরা গ্রাম এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। গ্রামবাসীর প্রত্যাশা, নির্বাচিত জনপ্রতিনিধিরা নিজ এলাকার পাশাপাশি দেশের উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবেন।




















