রাসিকের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন বিএনপি নেতা মাহফুজুর রহমান রিটন
- আপডেট সময় : ০৪:৪৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ ১৪৮ বার পড়া হয়েছে

রাসিকের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন বিএনপি নেতা মাহফুজুর রহমান রিটন
মাজার জিয়ারত শেষে দায়িত্ব গ্রহণ, নগরীর ড্রেনেজ ও মশা নিয়ন্ত্রণে অগ্রাধিকার
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।
সোমবার (১৬ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে দুপুর সোয়া ১টার দিকে নগরীর হেতেমখাঁ এলাকার নিজ বাসভবন থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পায়ে হেঁটে রাজশাহী সিটি কর্পোরেশন ভবনে পৌঁছান তিনি। এ সময় সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন।
পরে সিটি ভবনের মেয়র দপ্তরে বিভাগীয় কমিশনার ও বিদায়ী প্রশাসক আনম বজলুর রশিদ লিখিতভাবে তার কাছে দায়িত্বভার হস্তান্তর করেন।
দায়িত্ব গ্রহণের আগে মাহফুজুর রহমান রিটন নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নগরীর শাহ মখদুম (রহ.) দরগায় মাজার জিয়ারত করেন। সেখানে বিশেষ মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
তিনি বলেন, দায়িত্বে থাকা অবস্থায় নগরবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন এবং রাজশাহী নগরীকে আরও সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলতে কাজ করবেন। বিশেষ করে নগরীর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং মশা নিয়ন্ত্রণ কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান তিনি।




















