বাগাতিপাড়ায় গত ২২ মাসে সাত ইউএনওর বদলি
- আপডেট সময় : ০২:৩৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ৭১৫ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় গত ২২ মাসে সাত ইউএনওর বদলি
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় গত ২২ মাসে একের পর এক সাতজন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বদলি হয়েছেন। ঘন ঘন প্রশাসনিক এই রদবদলে উপজেলার উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক ধারাবাহিকতা ব্যাহত হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।
সরকারি সূত্রে জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদনের পর রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ২০ অক্টোবর ২০২৫ তারিখে বদলির প্রজ্ঞাপন জারি হয়। ওই প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন-কে চাঁপাইনবাবগঞ্জে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন মোঃ আলা উদ্দিন, যিনি বাগাতিপাড়ার সপ্তম ইউএনও হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।
প্রাপ্ত তথ্যানুযায়ী, গত এক বছর ১০ মাস ৯ দিনে বাগাতিপাড়ায় পর্যায়ক্রমে দায়িত্ব পালন করেছেন, নীলুফা সরকার- দায়িত্বে ছিলেন ৯ মাস ১১ দিন, সুরাইয়া মমতাজ (ভারপ্রাপ্ত)-২ দিন, মোহাইমেনা শারমীন- ৬ মাস ১০ দিন, অনামিকা নজরুল- ৪ মাস ১ দিন, হা-মীম তাবাসসুম প্রভা- ৬ মাস ১৯ দিন, মেহেদী হাসান (অতিরিক্ত দায়িত্বে)- ১৩ দিন, মারুফ আফজাল রাজন যোগদান করেন চলতি বছরের ১৩ জুলাই, তাঁর ৩ মাস সাত দিন হতেই বদলির আদেশ চলে আসে।
স্থানীয় সচেতন মহলের মতে, ঘন ঘন প্রশাসনিক পরিবর্তনের কারণে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হচ্ছে এবং উন্নয়ন কার্যক্রমে স্থবিরতা দেখা দিচ্ছে।
বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নাফ বলেন, “দুই বছরে সাতজন ইউএনও বদলির ঘটনা প্রশাসনিক অস্থিরতার ইঙ্গিত দেয়। এতে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম ও জনগণের সেবায় প্রভাব পড়ছে।”
বর্তমান ইউএনও মারুফ আফজাল রাজন বলেন, “আমি দায়িত্ব পালনকালে উন্নয়ন ও প্রশাসনিক সেবার ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করেছি। নতুন ইউএনও এসে এই ধারাবাহিকতা আরও এগিয়ে নেবেন-এটাই প্রত্যাশা।”
নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবুল হায়াত বলেন, “বদলি প্রশাসনের নিয়মিত প্রক্রিয়া। কর্মকর্তাদের দায়িত্ব রদবদল হয় প্রশাসনিক প্রয়োজনে। নতুন ইউএনও দ্রুত যোগ দিয়ে নিয়মিত কার্যক্রম শুরু করবেন।”



















