গোদাগাড়ীতে ৫০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক
- আপডেট সময় : ০৩:৫৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ ৪৬১ বার পড়া হয়েছে

গোদাগাড়ীতে ৫০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক
পদ্মা নদীর পাড়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ
রাজশাহীর গোদাগাড়ীতে ৫০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে পৌর এলাকার কুঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের পদ্মা নদী তীর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের বকচর গ্রামের মৃত হবিবুর রহমানের ছেলে গোলাম মোস্তফা (৪৬) এবং একই উপজেলার নোমান আলী মন্ডলের ছেলে আব্দুর রশিদ (৪০)।
গোদাগাড়ী মডেল থানার এসআই (নিরস্ত্র) এম এ কুদ্দুস জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন দুই ব্যক্তি নৌকায় অবৈধ হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে পদ্মা নদীর ধারে অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযানের সময় পুলিশ উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে গোলাম মোস্তফাকে আটক করা হয়। তার হাতে থাকা ব্যাগ থেকে পাঁচটি পলিথিন প্যাকেটে মোড়ানো ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত দুইজনসহ অজ্ঞাতনামা আরও ২–৩ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
গোদাগাড়ী মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোয়াজ্জেম হোসেন বলেন, “গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তাদের সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত আছে।”




















