নাটোরে আবাসন ও চিকিৎসাসহ ট্যুরিজম হাব তৈরি করা হবে- পর্যটন মন্ত্রী
- আপডেট সময় : ০৯:১০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ৬১ বার পড়া হয়েছে

নাটোরে আবাসন ও চিকিৎসাসহ ট্যুরিজম হাব তৈরি করা হবে- পর্যটন মন্ত্রী
নাটোর প্রতিনিধিঃ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, নাটোরের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে আবাসন ও চিকিৎসা সুবিধাসহ একটি পূর্ণাঙ্গ ট্যুরিজম হাব গড়ে তোলা হবে। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে নাটোরের ঐতিহাসিক উত্তরা গণভবন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
পর্যটনমন্ত্রী বলেন, নাটোরের উত্তরা গণভবনের সঙ্গে দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এসেছেন এবং কেবিনেট সভাও অনুষ্ঠিত হয়েছে। ভবিষ্যতে প্রধানমন্ত্রী তারেক রহমানও নাটোরে আসবেন এবং জেলার উন্নয়নে কাজ করবেন বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যটন এলাকায় পর্যটকদের থাকার পর্যাপ্ত ব্যবস্থা নেই। নাটোরেও পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকদের আবাসন সুবিধার ঘাটতি রয়েছে। পাশাপাশি জেলায় শিক্ষা ও চিকিৎসা অবকাঠামোরও প্রয়োজন রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে নাটোরে আবাসন ও চিকিৎসা সুবিধাসহ একটি ট্যুরিজম হাব গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
মন্ত্রী আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে ট্যুরিজম হাব গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবে তিনি নাটোরে প্রথম এসেছেন। নাটোরের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা প্রশাসক আসমা শাহীন, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামিমুজ্জামান, বিএনপি নেত্রী সাবিনা ইয়াসমিন ছবিসহ জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উত্তরা গণভবন পরিদর্শন শেষে পর্যটনমন্ত্রী নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুল এলাকায় ‘মিনি কক্সবাজার’খ্যাত হালতিবিল পরিদর্শনে যান। সেখানে তিনি পর্যটন সম্ভাবনা ও পর্যটকদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।




















