রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আপডেট সময় : ০৬:৫৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
নওগাঁর রাণীনগরে ওয়ার্ড বিএনপির একটি পার্টি অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে অফিসের ছয়টি চেয়ার, ব্যানার, ছামানা ও টিনের কিছু অংশ পুড়ে গেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) গভীর রাতে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির পার্টি অফিসে এ ঘটনা ঘটে। অফিসটি খাঁনপুকুর বাজারে অবস্থিত। একই রাতে উপজেলার গোনা ইউনিয়ন বিএনপির পার্টি অফিসেও আগুন দেওয়ার চেষ্টা করা হয় বলে জানিয়েছে পুলিশ।
ওয়ার্ড বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগের ঘটনায় করজগ্রাম বালিয়াপাড়া গ্রামের আতোয়ার রহমান বাদী হয়ে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাণীনগর থানায় মামলা করেন। মামলায় ২৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৭০ থেকে ৮০ জনকে।
মামলার পরিপ্রেক্ষিতে রাতেই অভিযান চালিয়ে রুহুল আমিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি কাশিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং ওই ইউনিয়নের মঙ্গলপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল জানান, বুধবার গভীর রাতে খাঁনপুকুর বাজারে ৩ নম্বর ওয়ার্ড বিএনপির পার্টি অফিসে আগুন লাগার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই অফিসের ছয়টি চেয়ার, ব্যানার, ছামানা ও টিনের কিছু অংশ পুড়ে যায়।
ওসি আরও জানান, এ ঘটনায় ২৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনকে আসামি করে মামলা হয়েছে। মামলায় গ্রেপ্তার রুহুল আমিনকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।
গোনা ইউনিয়ন বিএনপির পার্টি অফিসেও দুর্বৃত্তরা আগুন দেওয়ার চেষ্টা করেছিল বলে জানান ওসি। তবে সেখানে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি।






















