বাগাতিপাড়ায় একই রাতে গোডাউন ও দুটি পুকুর থেকে প্রায় সাড়ে ১০ লাখ টাকার মালামাল চুরি
- আপডেট সময় : ০২:৪২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ২৫৫ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় একই রাতে গোডাউন ও দুটি পুকুর থেকে প্রায় সাড়ে ১০ লাখ টাকার মালামাল চুরি
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় একই রাতে একটি নির্মাণসামগ্রীর গোডাউন এবং পৃথক দুটি পুকুরপাড় থেকে বৈদ্যুতিক মোটর ও অন্যান্য মালামাল চুরির ঘটনা ঘটেছে। এতে মোট প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১২টা থেকে শুক্রবার (৩১ জুলাই) ভোর ৫টার মধ্যে উপজেলার ৩ নম্বর বাগাতিপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জিগরী মণ্ডলপাড়া গ্রামের বসুপাড়া মন্দির থেকে প্রায় ১০০ গজ দক্ষিণে অবস্থিত ভাই বোন ট্রেডার্স-এর টিনের গোডাউনে চুরির ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, চোরেরা প্রথমে গোডাউনের বৈদ্যুতিক মিটারের সংযোগ বিচ্ছিন্ন করে এবং সিসি ক্যামেরা ভেঙে ফেলে। পরে শাটারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রায় ১৫০ বান্ডিল গরু মার্কা ঢেউটিন, ৫৭টি আনোয়ার ব্র্যান্ডের সিমেন্ট শিট, বিভিন্ন স্যানিটারি সামগ্রী এবং গোডাউনে সংরক্ষিত অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়।
গোডাউনটির মালিক বাগাতিপাড়া উপজেলার ক্ষিদ্র মালঞ্চি মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা মৃত ছহির উদ্দিনের ছেলে মো. আলাউদ্দিন সরকার ওরফে আলাল মেম্বুর। এছাড়া তার বোন মোছা. মহিমা খাতুনের সংরক্ষিত দুটি ওয়্যার ড্রপ, একটি স্টিলের বাক্সে রাখা গৃহস্থালি সামগ্রীও চুরি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এদিকে একই রাতে উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ক্ষিদ্র মালঞ্চি দহপাড়া এলাকার আব্দুল হাকিমের পুকুরপাড় থেকে একটি সাবমারসিবল পানির মোটর ও হাফ কয়েল বৈদ্যুতিক তার চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য ২১ হাজার টাকা।
এছাড়া বসুপাড়া মন্দির সংলগ্ন সরকারি লিজ নেওয়া একটি পুকুরপাড় থেকে আসাদুজ্জামান লাভলুর একটি জেড (Z) পানির মোটর ও এক কয়েল বৈদ্যুতিক তার চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য ১৮ হাজার টাকা।
ভুক্তভোগীদের দাবি, সব মিলিয়ে চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকা। ঘটনার বিষয়ে বাগাতিপাড়া থানায় অভিযোগ করা হয়েছে।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



















