পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন
- আপডেট সময় : ০৭:৩৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন
নাটোর যাওয়ার পথে রাজশাহীর পুঠিয়ার বিড়ালদহ কলেজে আকস্মিক পরিদর্শনে গিয়ে একটি শ্রেণিকক্ষে মাত্র একজন ছাত্রীকে উপস্থিত পেলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে কলেজে গিয়ে বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে শিক্ষার্থীদের এমন অনুপস্থিতি দেখে বিস্ময় ও অসন্তোষ প্রকাশ করেন তিনি। এ সময় উপস্থিত শিক্ষকদের কাছে শিক্ষার্থীরা কোথায়, তা জানতে চান মন্ত্রী।
পরিদর্শনকালে একটি শ্রেণিকক্ষে একজন ছাত্রীকে দেখে এক নারী শিক্ষকের কাছে মন্ত্রী জানতে চান, ‘স্টুডেন্ট কোথায়?’ জবাবে ওই শিক্ষক বলেন, ‘ক্লাসে একজন ছাত্রী আছে।’ শিক্ষার্থীর সংখ্যা জানতে চাইলে তিনি জানান, কলেজটিতে মোট ১৫ জন ছাত্রী রয়েছে। তবে সেদিন উপস্থিত হয়েছে মাত্র একজন।
এ সময় আরেক শিক্ষক বলেন, ‘ওদের ক্লাসে অনেকেই এখনো ঢোকেনি।’ পরে মন্ত্রী জানতে চান, ‘কয়টার সময় ক্লাস হয়? এখন তো কোনো ক্লাসেই কাউকে দেখছি না।’ জবাবে শিক্ষক জানান, সাড়ে ১১টায় ক্লাস রয়েছে। শিক্ষকদের বক্তব্য, তারা শ্রেণিকক্ষে গেলেও শিক্ষার্থীরা হয়তো বাইরে অবস্থান করছে।
একপর্যায়ে এক শিক্ষক শিক্ষার্থীদের ক্লাসে আসার অনীহার কথা তুলে ধরে বলেন, ‘তাদের ক্লাসে আনা যায় না। ফোন করে আনতে হয়।’ তবে শিক্ষার্থীদের উপস্থিতি এত কম হওয়ার বিষয়ে শিক্ষকদের ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেননি মন্ত্রী। নিয়মিত পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে শিক্ষকদের আরও সক্রিয় ও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেন তিনি।
কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, শিক্ষামন্ত্রী আকস্মিকভাবে কলেজ পরিদর্শনে এসেছিলেন। সাড়ে ১১টায় ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও মন্ত্রী কলেজে প্রবেশ করেন ১১টা ৩৮ মিনিটে। প্রায় ১৮ থেকে ২০ মিনিট অবস্থান করে তিনি সরাসরি চারতলায় চলে যান। এ সময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ক্লাসে ছেলে-মেয়েদের উপস্থিতি কম। বিষয়গুলো যেন মনিটর করা হয়।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক (কলেজ) মোহা. সাদিকুল ইসলাম বলেন, শিক্ষামন্ত্রীর মূল অনুষ্ঠান ছিল নাটোরের এনএস কলেজে। রাজশাহী থেকে সড়কপথে নাটোর যাওয়ার সময় তিনি পুঠিয়ার বিড়ালদহ কলেজ আকস্মিক পরিদর্শন করেন। সেখানে একজন শিক্ষার্থীকে উপস্থিত পাওয়া যায়।
তিনি আরও বলেন, শিক্ষার্থী সংকট এখন অনেক কলেজেই রয়েছে। যেসব বিষয়ে শিক্ষার্থী নেই, সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। এ বিষয়ে আগে বিভাগীয় সমন্বয় কমিটির সভায় আলোচনা হয়েছে। পরে বিভাগীয় কমিশনারের মাধ্যমে বিষয়গুলো মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শিক্ষামন্ত্রীকেও এ বিষয়ে অবহিত করা হয়েছে।






















