কুষ্টিয়ার ‘পীর’ শামীম হত্যা মামলার আসামি রাজশাহীতে গ্রেপ্তার
- আপডেট সময় : ০৪:০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ২২৭ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার ‘পীর’ শামীম হত্যা মামলার আসামি রাজশাহীতে গ্রেপ্তার
গোদাগাড়ী থেকে যৌথ অভিযানে ধরা এজাহারভুক্ত আসামি; থানায় সোপর্দ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরের কথিত ‘পীর’ শামীম জাহাঙ্গীর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রাজীব মিস্ত্রি (৩২) কে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (১ মে) সকালে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১১টার দিকে গোদাগাড়ী উপজেলা সদরের থানা রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৫ রাজশাহী সদর কোম্পানি ও কুষ্টিয়ার র্যাব-১২ এর সিপিসি-১ এর একটি যৌথ দল।
গ্রেপ্তার রাজীব মিস্ত্রি এ মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি। তার বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পশ্চিম-দক্ষিণ ফিলিপনগর এলাকায়। তার বাবার নাম গাজী মিস্ত্রি।
র্যাব জানায়, গ্রেপ্তারের পর তাকে গোদাগাড়ী থানায় সোপর্দ করা হয়েছে। পরবর্তীতে তদন্ত কর্মকর্তার কাছে তাকে হস্তান্তর করা হবে।
র্যাবের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিহত শামীম জাহাঙ্গীর ঢাকা থেকে মাস্টার্স সম্পন্ন করে দীর্ঘদিন শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন। পরে নিজ এলাকায় ফিরে একটি আস্তানা গড়ে তোলেন এবং বিভিন্ন বিতর্কিত ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনা করতেন বলে অভিযোগ রয়েছে।
গত ১০ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে পবিত্র কোরআন অবমাননাকর একটি ভিডিও ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এর জেরে পরদিন দুপুরে প্রায় ২০০ জন লোক দক্ষিণ ফিলিপনগরে তার আস্তানায় হামলা চালায়। এতে শামীম জাহাঙ্গীর নিহত হন এবং আস্তানাটি পুড়িয়ে দেওয়া হয়।
এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।






















