সাজেকের সমস্যা সমাধানে সম্মিলিতভাবে কাজ করতে হবে- এমপি ওয়াদুদ ভূঁইয়া
- আপডেট সময় : ০৯:২৩:১০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

সাজেকের সমস্যা সমাধানে সম্মিলিতভাবে কাজ করতে হবে- এমপি ওয়াদুদ ভূঁইয়া
মহুয়া জান্নাত মনি, রাঙামাটি প্রতিনিধিঃ
সাজেকে সৃষ্ট সমস্যা সমাধানে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া।
রোববার (২৫ অক্টোবর) সকালে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার হেডম্যান ও কার্বারিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় আলোচনা শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ওয়াদুদ ভূঁইয়া বলেন, পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে হেডম্যান-কার্বারিসহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাহাড়ের সংকট নিরসনে মতভেদ ভুলে সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম একটি পর্যটন অঞ্চল। এখানে পর্যটন ব্যবসা বন্ধ থাকলে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবেন। সাজেকে সৃষ্ট ঘটনার কারণে পার্বত্য এলাকার পর্যটনশিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই এ সমস্যার সমাধান জরুরি। সবার সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
সভায় সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী ও রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান বলেন, তারা শান্তি ও সম্প্রীতিতে বিশ্বাস করেন। যেকোনো ঘটনা সম্পর্কে সিভিল সার্ভিসের কর্মকর্তা, স্থানীয় হেডম্যান-কার্বারি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা প্রশাসককে অবহিত করতে হবে। পাহাড়ের উন্নয়নে সম্প্রীতি বজায় রেখে সবাইকে কাজ করতে হবে।
সভায় জেলার হেডম্যান ও কার্বারিরা বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।
রাঙামালির জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলার হেডম্যান ও কার্বারিরা উপস্থিত ছিলেন।





















