গুরুদাসপুরে ৭ বছরের শিশুকে আসামি করে মামলা, আদালতে জামিনে মুক্ত
- আপডেট সময় : ০৭:৫২:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ১৯৭ বার পড়া হয়েছে

গুরুদাসপুরে ৭ বছরের শিশুকে আসামি করে মামলা, আদালতে জামিনে মুক্ত
দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর নাম চার্জশিটে অন্তর্ভুক্ত, এলাকায় চাঞ্চল্য ও সমালোচনা
নাটোরের গুরুদাসপুরে সাত বছর বয়সী এক শিশুকে আসামি করে মামলা দায়েরের ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে শিশুটি আদালতে সশরীরে হাজিরা দিয়ে জামিন পেয়েছে।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে আদালতে জামিন আবেদন করা হলে নারী ও শিশু আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম শিশুটির জামিন মঞ্জুর করেন।
মামলার নথি থেকে জানা যায়, অভিযুক্তদের তালিকায় দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ওই শিশুর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। শিশুটির নাম মো. হুসেন (৭), সে গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা এলাকার শাজাহান আলীর ছেলে।
আসামিপক্ষের আইনজীবী মো. শামীম হোসেন জানান, গত ৯ এপ্রিল পূর্ব বিরোধের জেরে ওই এলাকায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে, এতে কয়েকজন আহত হন। পরদিন ১০ এপ্রিল গুরুদাসপুর থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় একাধিক ব্যক্তির পাশাপাশি ওই শিশুর নামও আসামি হিসেবে উল্লেখ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির জন্ম ২০১৮ সালের ২৪ সেপ্টেম্বর। সে হিসাবে বর্তমানে তার বয়স সাত বছর। এত অল্প বয়সী একটি শিশুকে মামলার আসামি করায় এলাকাজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। স্থানীয়দের প্রশ্ন, এমন একটি শিশু কীভাবে হামলা বা সংঘর্ষে জড়িত থাকতে পারে।
আইনজীবীরা বলছেন, অনেক সময় বিরোধের জেরে অভিযোগকারী পক্ষ পরিবারের একাধিক সদস্যকে একসঙ্গে আসামি করে থাকে। তবে কোনো শিশুর নাম অন্তর্ভুক্ত হলে তা তদন্তের মাধ্যমে গুরুত্বের সঙ্গে যাচাই করা উচিত।
নাটোর বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফুল হক মুক্তা বলেন, “এত ছোট একটি শিশুকে আসামি করা কতটা যৌক্তিক, তা খতিয়ে দেখা প্রয়োজন। যথাযথ যাচাই-বাছাই হলে এ ধরনের ঘটনা এড়ানো সম্ভব।”



















