নাটোরে অন্তঃসত্ত্বার পেটে বলের আঘাত, গর্ভস্থ সন্তানের মৃত্যু; প্রতিবাদে হামলার অভিযোগ
- আপডেট সময় : ০৪:০৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬ ৫৯৯ বার পড়া হয়েছে

নাটোরে অন্তঃসত্ত্বার পেটে বলের আঘাত, গর্ভস্থ সন্তানের মৃত্যু; প্রতিবাদে হামলার অভিযোগ
নলডাঙ্গার সাধনগরে উত্তেজনা; বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, তদন্তে পুলিশ
নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের সাধনগর গ্রামে অন্তঃসত্ত্বা এক নারীর পেটে বলের আঘাতে গর্ভস্থ সন্তানের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ করায় স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতাকর্মীদের হামলায় নারীসহ একই পরিবারের কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
স্থানীয় সূত্রে জানা যায়, তিন দিন আগে সাধনগর গ্রামে একদল যুবক ফুটবল খেলছিল। খেলার সময় একটি বল সজোরে অন্তঃসত্ত্বা ওই নারীর পেটে লাগে। অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর গর্ভস্থ সন্তান মারা গেছে বলে চিকিৎসক জানান—এমন দাবি পরিবারের।
এরই মধ্যে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে আবারও একটি বল ওই নারীর পেটে এসে লাগে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় প্রতিবাদ করলে স্থানীয় বিএনপি নেতা বাবলু সরদার ও রহিম সরদারের অনুসারীরা ক্ষিপ্ত হয়ে পরিবারের ওপর হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।
অভিযোগ অনুযায়ী, লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ পরিবারের কয়েকজন সদস্য আহত হন। পরে তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর সাধনগর ও বিরকুৎসা রেলস্টেশন সংলগ্ন লাহেরীপাড়া মাঠ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।
ভুক্তভোগী পরিবারের এক সদস্য বলেন, “আমাদের সন্তান মারা গেল, বিচার চাইতে গিয়ে উল্টো আমাদের ওপর হামলা হলো। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।”
শেষ খবর পাওয়া পর্যন্ত সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল। অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।























