রাজশাহীতে সীমান্ত থেকে ভারতীয় ইলেকট্রিক মালামাল জব্দ
- আপডেট সময় : ০২:৪৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ ৩৬৪ বার পড়া হয়েছে

রাজশাহীতে সীমান্ত থেকে ভারতীয় ইলেকট্রিক মালামাল জব্দ
মতিহার সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য উদ্ধার
রাজশাহী নগরীর মতিহার সীমান্ত এলাকা থেকে ভারতীয় ইলেকট্রিক মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮টা ৫০ মিনিটে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) অধীন তালাইমারী বিওপি’র নিয়মিত টহল দল ফুলতলা ঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা নদীর চরের ঝাউ বনের মধ্যে চোরাচালান পণ্য আনার তথ্য পেয়ে টহল দল সেখানে অগ্রিম অবস্থান নেয়। কিছুক্ষণ পর সন্দেহজনক কয়েকজন ব্যক্তির চলাচল লক্ষ্য করলে বিজিবি সদস্যরা এগিয়ে যান। এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ব্যাগ ফেলে পালিয়ে যায়।
পরে পরিত্যক্ত ব্যাগ তল্লাশি করে বিজিবি ১০ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স, ১ হাজার পিস ইলেকট্রিক বাল্ব এবং ৫২৫ পিস ইলেকট্রিক পুশ সুইচ জব্দ করে।
জব্দকৃত মালামাল রাজশাহী শুল্ক গুদামে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে।






















