রাজশাহীতে বাসা থেকে সাংবাদিকের স্ত্রীর লাশ উদ্ধার, স্বামী গুরুতর আহত
- আপডেট সময় : ০৭:১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬ ৪৪০ বার পড়া হয়েছে

রাজশাহীতে বাসা থেকে সাংবাদিকের স্ত্রীর লাশ উদ্ধার, স্বামী গুরুতর আহত
ভেতর থেকে বন্ধ থাকা ঘরে রহস্যজনক মৃত্যু, সিআইডির ক্রাইমসিন তদন্ত শুরু
রাজশাহীতে এক সাংবাদিকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। একই ঘটনায় ওই সাংবাদিক নিজেও বাসায় গুরুতর আহত অবস্থায় পড়ে ছিলেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় স্বামী-স্ত্রীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়।
নিহত নারীর নাম রওশন আরা (৫০)। তাঁর স্বামী গোলাম কিবরিয়া কামাল (৫৫) স্থানীয় দৈনিক রাজশাহী সংবাদ-এর উপসম্পাদক হিসেবে কর্মরত। তিনি সাংবাদিকতা করেন ‘কামাল মালিক’ নামে। দম্পতি রাজশাহী নগরীর হড়গ্রাম বাজার এলাকার একটি তিনতলা ভবনের তৃতীয় তলায় ভাড়া বাসায় বসবাস করতেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যার পর ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসার দরজা ভেতর থেকে বন্ধ অবস্থায় দেখতে পায়। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মেঝেতে রওশন আরার মরদেহ এবং বিছানায় আহত অবস্থায় গোলাম কিবরিয়া কামালকে উদ্ধার করা হয়। দ্রুত ফায়ার সার্ভিসের মাধ্যমে দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিল্লাল উদ্দিন জানান, রওশন আরাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর গলায় কাপড় প্যাঁচানো ছিল। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আহত সাংবাদিক গোলাম কিবরিয়ার হাত ও পায়ে গুরুতর জখম রয়েছে। তিনি একধরনের রাসায়নিক দ্রব্য পান করেছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাঁর অবস্থাও আশঙ্কাজনক এবং চিকিৎসা চলছে।
দৈনিক রাজশাহী সংবাদ-এর সম্পাদক আহসান হাবীব বলেন, ‘খবর পেয়ে আমরা হাসপাতালে এসেছি। কীভাবে এই ঘটনা ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়। সাংবাদিক কামাল মালিকের অবস্থা গুরুতর। তাঁর হাত-পায়ের রগ কেটে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাঁকে আইসিইউতে নেওয়া হচ্ছে।’
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ ও সিআইডির ক্রাইমসিন ইউনিট কাজ করছে। বাসার দরজা ভেতর থেকে বন্ধ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাটি বাসার ভেতরেই সংঘটিত হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।




















