বাগাতিপাড়ায় বেগম খালেদা জিয়ার গায়েবী জানাজা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:৫৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ ৪৬২ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় বেগম খালেদা জিয়ার গায়েবী জানাজা অনুষ্ঠিত
ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে পৃথক আয়োজনে দোয়া ও মোনাজাত, বিএনপি নেতাকর্মীদের অংশগ্রহণ
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর তাঁর রুহের মাগফিরাত কামনায় সারাদেশের ন্যায় নাটোরের বাগাতিপাড়া উপজেলাতেও বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় পৃথকভাবে গায়েবী জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় বাগাতিপাড়া উপজেলার ১নং পাঁকা ইউনিয়নের লোকমানপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে একটি গায়েবী জানাজা অনুষ্ঠিত হয়।
গায়েবী জানাজায় ইমামতি করেন হাফেজ মো. রফিকুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মো. নেকবর হোসেন, ১নং পাঁকা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক তবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক এমদুল হক দুলু, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম সেন্টু, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুজন মাহমুদ, পাঁকা ইউনিয়ন যুবদলের সভাপতি ইমদাদ সোহেন, ইউনিয়ন সহ-সভাপতি সিদ্দিকুর রহমানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এছাড়াও জানাজায় স্থানীয় মুসল্লি ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। জানাজা শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
এ সময় স্থানীয় বিএনপি নেতারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের এক অনন্য নেত্রী ছিলেন। তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।



















