বাউয়েট ক্যাম্পাসে মহান বিজয় দিবস উদযাপন
- আপডেট সময় : ০২:৪৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ ৬৪৭ বার পড়া হয়েছে

বাউয়েট ক্যাম্পাসে মহান বিজয় দিবস উদযাপন
পতাকা উত্তোলন, দোয়া মাহফিল ও বিশেষ কর্মসূচিতে দিনব্যাপী আয়োজন
নাটোরের বাগাতিপাড়ার কাদিরাবাদে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর “মহান বিজয় দিবস–২০২৫” উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে কর্মসূচির প্রথম পর্বে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং সম্মান প্রদর্শন করা হয়। পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মো. শওকত হুসেন, পিএসসি (অব.) এবং পরীক্ষা নিয়ন্ত্রক কর্ণেল হ্লা হেন মং, পিবিজিএমএস (অব.)।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মো. মনজিনুল মুবীন (অব.), সায়েন্স এন্ড হিউম্যানিটিজ ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, ইসিই অনুষদের ডিন ও আইকিউএসি’র পরিচালক অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, ছাত্রকল্যাণ উপদেষ্টা, আবাসিক হলের প্রভোস্টগণ, ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ানসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও সেনা প্রধানের বিশেষ বাণী সকলের অবগতির জন্য প্রচার করা হয়। দেশের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা, মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতির জন্য বাউয়েট কেন্দ্রীয় মসজিদে বাদ যোহর বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দিবসটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলতে ক্যাম্পাসজুড়ে আলোকসজ্জা করা হয়। পাশাপাশি আবাসিক হল, ফ্যাকাল্টি মেস এবং অফিসার্স মেসে উন্নত মানের খাবারের আয়োজন করা হয়।
মহান বিজয় দিবসের এসব কর্মসূচির মধ্য দিয়ে বাউয়েট কর্তৃপক্ষ মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ভবিষ্যৎ প্রজন্মের মাঝে দেশপ্রেম জাগ্রত করার প্রত্যয় ব্যক্ত করেন।





















