বাগাতিপাড়ায় তিন শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি, এগিয়ে স্যাপার কলেজ
- আপডেট সময় : ০৬:০২:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ৯৬৭ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় তিন শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি, এগিয়ে স্যাপার কলেজ
এইচএসসি ও সমমানের পরীক্ষায় উপজেলার ২১টি প্রতিষ্ঠানের ১ হাজার ৫৪০ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬৭২ জন; জিপিএ-৫ পেয়েছে ১০ শিক্ষার্থী।
ফজলুর রহমান, নিজস্ব সংবাদদাতাঃ
নাটোরের বাগাতিপাড়ায় চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। অন্যদিকে, উপজেলার কলেজগুলোর মধ্যে ফলাফলে এগিয়ে রয়েছে কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ।
সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর বাগাতিপাড়া উপজেলার ২১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১ হাজার ৫৪০ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ৬৭২ জন এবং অকৃতকার্য হয়েছে ৮৬৮ জন। জিপিএ-৫ পেয়েছে মোট ১০ জন শিক্ষার্থী।
এবারের পরীক্ষায় উপজেলার তিনটি প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। প্রতিষ্ঠানগুলো হলো, চিথলিয়া হাইস্কুল অ্যান্ড টেকনিক্যাল কলেজ, বাগাতিপাড়া পৌর মহিলা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ এবং তমালতলা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ।
এর মধ্যে চিথলিয়া হাইস্কুল অ্যান্ড টেকনিক্যাল কলেজ থেকে ১০ জন, বাগাতিপাড়া পৌর মহিলা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ থেকে একজন এবং তমালতলা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ থেকে দুজন পরীক্ষায় অংশ নেয়। তিনটি প্রতিষ্ঠানের মোট ১৩ জন পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেনি।
উপজেলার কলেজগুলোর মধ্যে ফলাফলে এগিয়ে রয়েছে কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ। চলতি বছরের এইচএসসি পরীক্ষায় কলেজটির তিনটি বিভাগ থেকে মোট ৪৮৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ৪১০ জন। এ কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ১০ জন শিক্ষার্থী।
সংশ্লিষ্ট অফিস সূত্রে আরও জানা গেছে, বাগাতিপাড়া উপজেলায় ১০টি সাধারণ কলেজ, ১০টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং একটি আলিম মাদ্রাসাসহ মোট ২১টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়।




















