রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৫.০৬ শতাংশ, ৩৯ কলেজে কেউ পাস করেনি
- আপডেট সময় : ০৬:২৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ৫২ বার পড়া হয়েছে

রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৫.০৬ শতাংশ, ৩৯ কলেজে কেউ পাস করেনি
এ বছর ১ লাখ ৩৭ হাজার ৩৫৬ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬১ হাজার ৮৯৪ জন; জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৫২০ জন, যার মধ্যে মেয়ের সংখ্যা বেশি।
এম এম মামুনঃ
রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এ বছর এইচএসসি পরীক্ষায় পাসের হার কমে দাঁড়িয়েছে ৪৫ দশমিক ০৬ শতাংশে। করোনা মহামারির সময় ২০২০ সালে অটোপাসের পর এবার পাসের হার সর্বনিম্ন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে, বিভাগের আট জেলায় ৩৯টি কলেজের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরীন আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন।
প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৪১ হাজার ৯৩৬ জন পরীক্ষার্থী নিবন্ধন করেছিল। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৭ হাজার ৩৫৬ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬১ হাজার ৮৯৪ জন।
বিভাগের আট জেলার ৭৪৩টি কলেজের শিক্ষার্থীরা ২০৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। এবার ছেলেদের পাসের হার ৩৭ দশমিক ৭১ শতাংশ এবং মেয়েদের ৫৩ দশমিক ০৩ শতাংশ।
এ বছর রাজশাহী শিক্ষা বোর্ডে মোট ৪ হাজার ৫২০ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তাদের মধ্যে ১ হাজার ৯৬৫ জন ছেলে এবং ২ হাজার ৫৫৫ জন মেয়ে। অর্থাৎ জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যায়ও মেয়েরা এগিয়ে রয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরীন জানান, পরীক্ষা চলাকালে ৩১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ বছর বিভাগের আট জেলায় মাত্র ৯টি কলেজের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। অন্যদিকে, ৩৯টি কলেজের কোনো পরীক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি।
রাজশাহী শিক্ষা বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২০ সালে শতভাগ পাসের পর ২০২১ সালে পাসের হার ছিল ৯৭ দশমিক ২৯ শতাংশ। ২০২২ সালে তা কমে দাঁড়ায় ৮১ দশমিক ৬০ শতাংশে। ২০২৩ সালে পাসের হার ছিল ৭৮ দশমিক ৪৬ শতাংশ, ২০২৪ সালে ৮১ দশমিক ২৪ শতাংশ এবং ২০২৫ সালে ৫৯ দশমিক ৪০ শতাংশ। এবার সেই হার আরও কমে ৪৫ দশমিক ০৬ শতাংশে নেমেছে।
ফলাফল প্রসঙ্গে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরীন বলেন, শিক্ষার্থীরা খাতায় যেভাবে লিখেছে, সেভাবেই নম্বর পেয়েছে। কাউকে বাড়তি নম্বর দেওয়া হয়নি। এ কারণে সামগ্রিক ফলাফলে প্রভাব পড়েছে।




















