ঝিনাইগাতীতে বেলায়েত আলী মডেল হাই স্কুলের নতুন ভবন উদ্বোধন
- আপডেট সময় : ০৮:০৩:২০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে

ঝিনাইগাতীতে বেলায়েত আলী মডেল হাই স্কুলের নতুন ভবন উদ্বোধন
জারুলতলা গ্রামে উদ্বোধনী অনুষ্ঠান ও শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত; স্থানীয় শিক্ষার পরিবেশ উন্নয়নে নতুন ভবন ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের।
মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের ঝিনাইগাতীতে নলকুড়া ইউনিয়নের জারুলতলা গ্রামে অবস্থিত বেলায়েত আলী মডেল হাই স্কুলের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমিনুল ইসলাম আকাশ। অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ভবন উদ্বোধনের পাশাপাশি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের চেয়ারম্যান অধ্যাপক আ. জ. ম. রেজাউল করিম খান, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের ছোট ভাই ইঞ্জিনিয়ার মেজবাউল হক বাবু, ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ, সদস্যসচিব লুৎফর রহমান, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, উপজেলা মহিলা দলের সভাপতি জেবুন্নেছা হক কোহিনুর, সাধারণ সম্পাদক জেসমিন আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান রুবেল, নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুকনুজ্জামান এবং ইউপি চেয়ারম্যান প্রার্থী সালেহ আহাম্মদসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কুমার চক্রবর্তী।
স্থানীয় পর্যায়ে শিক্ষার প্রসার ও মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরির লক্ষ্যে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়েছে। এর প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমিনুল ইসলাম আকাশের উদ্যোগ, পরিশ্রম, আন্তরিকতা ও ব্যক্তিগত অর্থায়নে বিদ্যালয়টি গড়ে উঠেছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
নলকুড়া ইউনিয়নের জারুলতলা গ্রামের বাসিন্দা আমিনুল ইসলাম আকাশ মরহুম বেলায়েত আলীর সন্তান। তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠান স্থানীয় শিক্ষার্থীদের জন্য শিক্ষার সুযোগ সম্প্রসারণে ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
নতুন ভবন উদ্বোধনের ফলে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ আরও উন্নত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে আয়োজিত এ সমাবেশ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা।




















