বেগম খালেদা জিয়া এদেশের ঐক্যের প্রতীক’—নাটোরে দুলুর বক্তব্য
- আপডেট সময় : ০৩:৪৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ ১৯২ বার পড়া হয়েছে

বেগম খালেদা জিয়া এদেশের ঐক্যের প্রতীক’—নাটোরে দুলুর বক্তব্য
দোয়া মাহফিলে বিএনপি প্রার্থীর দাবি—গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় খালেদা জিয়ার সুস্থতা অপরিহার্য
বিএনপির কেন্দ্রীয় নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর–২ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “বেগম খালেদা জিয়া এদেশের ঐক্যের প্রতীক। বর্তমান সংকটময় সময়ে দেশকে সুস্থ রাজনৈতিক পথে ফিরিয়ে আনতে তার উপস্থিতি ও নেতৃত্ব অত্যন্ত প্রয়োজন।”
শুক্রবার বাদ জুমা নাটোর শহরের বঙ্গজ্বল রাজবাড়ি এনডিটিআই জামে মসজিদে বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিল শেষে তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, “বাংলাদেশ বর্তমানে যে রাজনৈতিক সংকটে রয়েছে, আগামী নির্বাচনসহ ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় বেগম খালেদা জিয়ার অভিজ্ঞতা ও নেতৃত্ব অতুলনীয়। তিনি তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, এ দেশের জনগণের অভিভাবকসুলভ নেতৃত্ব দিয়েছেন। তার সুস্থ থাকাটা দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও ভোটাধিকার রক্ষার জন্য অপরিহার্য।”
তিনি আরও বলেন, “খালেদা জিয়ার বিকল্প আজ বাংলাদেশে নেই। জাতীয় ঐক্যের জন্য তার বেঁচে থাকা অত্যন্ত জরুরি। তাই নাটোরবাসীসহ দেশবাসীর কাছে তার রোগমুক্তির জন্য দোয়া কামনা করছি।”
তিনি আশা প্রকাশ করেন, বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে ফিরে এসে দেশের সংকটময় মুহূর্তে নেতৃত্ব দিতে পারবেন।
দোয়া মাহফিলে জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য কাজী শাহ আলম, নাসিম উদ্দিন নাসিম, যুবদলের সভাপতি এ. হাই তারুকদার ডালিম, সাবেক সাংগঠনিক সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহীনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




















