পাঁচ দফা দাবিতে রাজশাহীতে আট দলের বিভাগীয় সমাবেশ প্রস্তুতি
- আপডেট সময় : ০২:০০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ ১৮৬ বার পড়া হয়েছে

পাঁচ দফা দাবিতে রাজশাহীতে আট দলের বিভাগীয় সমাবেশ প্রস্তুতি
৩০ নভেম্বর মাদরাসা মাঠে শীর্ষ নেতাদের উপস্থিতিতে সমাবেশ; প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল জামায়াত
পাঁচ দফা দাবিতে রাজশাহীতে বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে আন্দোলনরত বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা আট দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৩০ নভেম্বর রাজশাহী নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন। এতে আট দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় নগরীর কুমারপাড়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজশাহী মহানগর সভাপতি হুসাইন আহমদ, জেলা সভাপতি হাফেজ মাওলানা মুরশিদ আলম ফারুকি, জেলা সেক্রেটারি আব্দুল্লাহ সুজন, জামায়াতে ইসলামীর নাটোর জেলা আমির ড. মীর নুরুল ইসলাম, রাজশাহী জেলা সেক্রেটারি গোলাম মর্তুজা, জাগপার বিভাগীয় সমন্বয়ক বাতিনুর রহমান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি সাইফুল হকসহ আরও বিভিন্ন সমমনা দলের নেতৃবৃন্দ।
জামায়াতের মহানগর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল জানান, রাজশাহী, নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের জামায়াত নেতাকর্মীরা সমাবেশে যোগ দেবেন। একইভাবে অন্য সাত দলের রাজশাহী বিভাগের আট জেলার নেতাকর্মীরাও উপস্থিত থাকবেন। দুপুর ২টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে সমাবেশ।
পাঁচ দফা দাবির বিষয়ে তিনি বলেন, “পিআর ও জুলাই সনদ অত্যাবশ্যকীয় বিষয়। কিন্তু সরকার এগুলো বাস্তবায়ন ও গণভোট আয়োজনের ক্ষেত্রে গড়িমসি করছে। সরকার শুধু উচ্চকক্ষের পিআর চাইছে; কিন্তু আমরা উভয়ক্ষেত্রে মত জানিয়েছি।”
সরকার প্রশাসনকে ব্যবহার করছে অভিযোগ করে তিনি বলেন, “প্রশাসন বিশেষ একটি দলের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে কাজ করছে। এ পরিস্থিতি চলতে থাকলে নির্বাচন বাধাগ্রস্ত হবে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এখন সময়ের দাবি।”
এসময় তিনি জুলাই আন্দোলনে আহত ও পঙ্গুদের পুনর্বাসন দাবি করেন এবং আওয়ামী লীগসহ ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করারও দাবি জানান।




















