ঝিনাইগাতীতে সার নীতিমালা বাতিলের দাবিতে খুচরা ডিলারদের মানববন্ধন
- আপডেট সময় : ০৩:৪১:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫ ২৩৬ বার পড়া হয়েছে

ঝিনাইগাতীতে সার নীতিমালা বাতিলের দাবিতে খুচরা ডিলারদের মানববন্ধন
সার নীতিমালা ২০২৫ কার্যকর হলে জীবিকা সংকটে পড়বেন—ডিলারদের অভিযোগ; ইউএনওকে স্মারকলিপি প্রদান
সার সংক্রান্ত নীতিমালা ২০২৫ বাতিলের দাবিতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার খুচরা সার বিক্রেতারা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন। রবিবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি এবং ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি হস্তান্তর করা হয়।
স্মারকলিপিতে জানানো হয়—ঝিনাইগাতী উপজেলার ৭ ইউনিয়নের ৬৩ জন খুচরা সার বিক্রেতা দীর্ঘদিন ধরে নিয়মিত সার বিক্রি করে আসছেন। কিন্তু গত ১৬ নভেম্বর প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ৩১ মার্চ ২০২৬ এর পর তাদের ক্রয়–বিক্রয় কার্যক্রম বন্ধ হয়ে যাবে। এতে ডিলারদের জীবন–জীবিকা এবং আর্থিক নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে।
ডিলাররা জানান, কৃষকদের নিকট তাদের ২৫ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত পাওনা রয়েছে। পাশাপাশি ব্যাংক, এনজিও, কোম্পানি ও মহাজনের কাছে লাখ লাখ টাকার ঋণ আছে। হঠাৎ ব্যবসা বন্ধ হয়ে গেলে তারা পরিবার–পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হবেন।
স্মারকলিপিতে আরও বলা হয়—খুচরা ডিলার বাদ দিলে কৃষকদের কাছে সার সরবরাহ ব্যাহত হবে এবং কৃষি উৎপাদনেও নেতিবাচক প্রভাব পড়বে। তাই সার নীতিমালা ২০২৫ বাতিল করে পূর্বের নীতিমালা অনুযায়ী খুচরা ডিলার পদ্ধতি বহাল রাখার দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য দেন ঝিনাইগাতী সার খুচরা ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুল করিম, সাধারণ সম্পাদক ইমদাদুল হক ঝন্টু, এবং কার্যকরী সদস্য মো. আব্দুল আলীম।




















