বাগাতিপাড়ায় ভেজাল খেজুর গুড় ও অবৈধ মাছ শিকার রোধে কঠোর অবস্থানে প্রশাসন
- আপডেট সময় : ০৫:৩২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ ১৭৩ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় ভেজাল খেজুর গুড় ও অবৈধ মাছ শিকার রোধে কঠোর অবস্থানে প্রশাসন
নাটোরের বাগাতিপাড়ায় ভেজাল খেজুর গুড় উৎপাদন ও বড়াল নদীতে অবৈধভাবে মাছ শিকার রোধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন।
সভায় ইউএনও আলাউদ্দিন বলেন, “ভেজাল গুড় তৈরির মাধ্যমে আমরা নিজেরা যেমন ক্ষতির মুখে পড়ছি, তেমনি এলাকার খেজুর গুড়ের ঐতিহ্য ও সুনামও নষ্ট হচ্ছে। এটি বন্ধে প্রশাসন কঠোর নজরদারি চালাবে।”
তিনি আরও বলেন, “কিছু ব্যক্তি নদীতে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ শিকার করছে, যা আইনে দণ্ডনীয় অপরাধ। এমন কর্মকাণ্ড দেখলে স্থানীয়রা যেন প্রশাসনকে জানান- আমরা দ্রুত ব্যবস্থা নেব।”
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি রোধসহ নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান, কৃষি কর্মকর্তা ভবসিন্ধু রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক, মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আক্তার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাসার শামসুজ্জামান, আনসার ভিডিপির কর্মকর্তা রুহুল আমিন ভূঁইয়া, কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সভাপতি আব্দুল মজিদসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
সভায় স্থানীয় সাংবাদিক, শিক্ষক প্রতিনিধি এবং নাগরিক সমাজের সদস্যরাও উপস্থিত ছিলেন।




















