রাজশাহীর মোহনপুরে ছুরিকাঘাতে অটোরিকশাচালক খুন
- আপডেট সময় : ০৩:৩০:১৭ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫ ২৬৭ বার পড়া হয়েছে

রাজশাহীর মোহনপুরে ছুরিকাঘাতে অটোরিকশাচালক খুন
রাজশাহীর মোহনপুর উপজেলায় ছুরিকাঘাতে এক অটোরিকশাচালক খুন হয়েছেন। শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার তিলাহারী গ্রাম পার হয়ে বিলের মধ্যে তাকে ছুরিকাঘাত করা হয়। রোববার (৯ নভেম্বর) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের নাম ফজলুল করিম (৩৫)। তিনি জেলার তানোর উপজেলার অমৃতপুর গ্রামের মো. ইব্রাহিমের ছেলে। পেশায় তিনি অটোরিকশাচালক ছিলেন।
স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যার পর সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় ফজলুল করিমকে পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে প্রথমে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মোহনপুর থানার সাব-ইনস্পেক্টর (সেকেন্ড অফিসার) মোদাসসির হোসেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনার পরপরই আমরা প্রাথমিক তদন্ত শুরু করেছি। নিহতের স্বজনরা এখনো থানায় আসেননি। তারা অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, “এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”



















