গোদাগাড়ীতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে মারধরের শিকার কিশোরের মৃত্যু
- আপডেট সময় : ০৩:৪১:৩৩ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫ ৩৩৯ বার পড়া হয়েছে

গোদাগাড়ীতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে মারধরের শিকার কিশোরের মৃত্যু
রাজশাহীর গোদাগাড়ীতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে মারধরের শিকার এক কিশোর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নিহত কিশোরের নাম মো. শিহাব (১৭)। সে উপজেলার বসন্তপুর গ্রামের মিজানুর রহমান রিপনের ছেলে। চলতি বছর এসএসসি পাস করেছিল শিহাব।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকা শিহাব শনিবার (১ নভেম্বর) সকালে মারা যায়। এর আগে গত ২০ অক্টোবর রাতে তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সেদিন রাত আটটার দিকে শিহাব পার্শ্ববর্তী বান্দুড়িয়া এলাকায় তার প্রেমিকার সঙ্গে দেখা করতে যায়। পথে তেতুলতলা বাকের কাছে গেলে প্রেমিকার আত্মীয়-স্বজনেরা তাকে তাড়া দেয়। আত্মরক্ষায় শিহাব দৌড়ে পালানোর সময় অন্ধকারে দিক হারিয়ে একটি পুকুরে ঝাঁপ দেয়। পরে কয়েকজন ব্যক্তি পুকুরে নেমে তাকে মারধর শুরু করে এবং তীরেও বেধড়ক পেটায়। এতে শিহাব গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
মাথায় গুরুতর আঘাত থাকায় তার জ্ঞান আর ফেরেনি। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর শিহাবের বাবা মিজানুর রহমান রিপন নয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে ২৪ অক্টোবর রাতে গোদাগাড়ী থানায় মামলা দায়ের করেন। তবে শনিবার দুপুর পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বলেন, “প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে শিহাব হামলার শিকার হয়েছিল। তার মৃত্যুর খবর আমরা পেয়েছি। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পূর্বের মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তর করা হবে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।”




















