তেঁতুলিয়ায় রান্নাঘরের বাতিতে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু
- আপডেট সময় : ০৫:১৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ৩৭৯ বার পড়া হয়েছে

তেঁতুলিয়ায় রান্নাঘরের বাতিতে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু
চাচার বাড়িতে দুর্ঘটনায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্র আসিফ রানার
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় রান্নাঘরের বাতিতে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার তিরনইহাট ইউনিয়নের চুটচুটিয়া গছ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আসিফ রানা (১৫) ওই এলাকার নুর জামালের ছেলে। সে শালবাহান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
নিহতের পরিবারের বরাত দিয়ে তিরনইহাট ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর আলম জানান, সন্ধ্যায় আসিফ তার চাচা আব্দুর রাজ্জাকের বাড়িতে রান্নাঘরের বাতির হোল্ডারে ছেঁড়া তার জুড়ে বিদ্যুৎ সংযোগ দিতে যায়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া জানান, নিহতের মরদেহ সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।



















