মান্দায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা
- আপডেট সময় : ০২:০১:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ৩৭৬ বার পড়া হয়েছে

মান্দায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা
নওগাঁর মান্দায় হত্যাচেষ্টা ও ছিনতাইয়ের একটি মামলাকে ‘সাজানো ও মিথ্যা’ উল্লেখ করে তা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার গোপালপুর বাজারে ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসীর আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন শিশইল গ্রামের মসলেম উদ্দিন, ইমরান হোসেন, মুনসুরা বিবি ও আব্দুস সাত্তারসহ স্থানীয়রা।
বক্তারা অভিযোগ করেন, মামলার বাদী শিশইল গ্রামের আব্দুর রউফ এলাকায় ‘চোর’ হিসেবে পরিচিত। মোবাইল ফোন, ছাগলসহ একাধিক চুরির ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। গত ২৫ অক্টোবর রাতে একই গ্রামের উজ্জল হোসেনের মরিচক্ষেত থেকে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন তিনি। এ সময় উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেন।
ভুক্তভোগী পরিবারের সদস্য ইমরান হোসেন বলেন, “ঘটনাটিকে ভিন্নখাতে নিতে আব্দুর রউফকে হাসপাতালে ভর্তি করে উজ্জল হোসেন ও আব্দুল হাকিমের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়।” মামলায় তাদের বিরুদ্ধে মাদকসেবনে বাধা দেওয়ায় মারধর, হত্যার চেষ্টা, স্বর্ণের চেইন ও ৬৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ আনা হয়।
শিশইল গ্রামের মসলেম উদ্দিন বলেন, “তদন্ত ছাড়াই পুলিশ মামলাটি রেকর্ড করে এবং সেদিনই নিরপরাধ আব্দুল হাকিমকে গ্রেপ্তার করে জেলে পাঠায়। আমরা সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।”
পরানপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আতাউর রহমান বলেন, “আব্দুর রউফকে মরিচ চুরির সময় হাতেনাতে ধরা হয়েছিল। এ বিষয়ে একটি অভিযোগ ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে জমা হয়েছে। পুলিশ তদন্ত ছাড়াই মামলা করেছে, যা অত্যন্ত দুঃখজনক।”
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু রায়হান বলেন, “তদন্ত না করেই মামলা হওয়ার কথা নয়। ঘটনাটির তদন্তের দায়িত্ব এসআই সুজন খানকে দেওয়া হয়েছিল। তার তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই মামলাটি রেকর্ড করা হয়।”






















