নাটোর-৩ আসনে বিএনপির গ্রীন সিগন্যাল পেলেন পলকের চাচা শ্বশুর
- আপডেট সময় : ১০:০০:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ ৫৪৫ বার পড়া হয়েছে

নাটোর-৩ আসনে বিএনপির গ্রীন সিগন্যাল পেলেন পলকের চাচা শ্বশুর
নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপির গ্রীন সিগন্যাল পেয়েছেন বলে দাবি করেছেন জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। তিনি জানান, গত ১২ অক্টোবর রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মুঠোফোনে তাকে প্রার্থী হিসেবে “গ্রীন সিগন্যাল” দিয়েছেন।
অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু আওয়ামী লীগ সরকারের সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের আপন চাচা শ্বশুর এবং তার স্ত্রী আরিফা জেসমিন কনিকার চাচা। বর্তমানে তিনি জেলা বিএনপির সদস্য এবং এর আগে সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন।
তবে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সিংড়া উপজেলার বিএনপির একাংশের নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে ক্ষোভ ও সমালোচনা তৈরি হয়েছে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, “আনোয়ারুল ইসলাম আনু দলে তেমন কোনো অবদান রাখেননি। গত ১৭ বছরে বিরোধী দলে থাকার সময় তার নামে কোনো মামলা হয়নি, জেল খাটেননি। তিনি আরামপ্রিয় জীবনযাপন করেন। এমন একজন ব্যক্তি কীভাবে বিএনপির গ্রীন সিগন্যাল পান?”
তাদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের আত্মীয় হওয়ায় তিনি প্রভাব খাটিয়ে নিরাপদে ছিলেন, এখন সেই সম্পর্কই তাকে সুবিধা এনে দিয়েছে।
অন্যদিকে, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাটোর-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী দাউদার মাহমুদ বলেন, “আমি গ্রীন সিগন্যালের বিষয়ে কিছু জানি না। যদি তাকে গ্রীন সিগন্যাল দেওয়া হয়, তাহলে বুঝতে হবে আমাকে রেড সিগন্যাল দেওয়া হলো। তবে আমি বিএনপির একজন আদর্শিক সৈনিক, দলের সিদ্ধান্তই চূড়ান্ত।”
প্রতিক্রিয়ায় অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, “দল এবং আত্মীয়তা এক নয়। আমি দলের রাজনীতির সঙ্গে যুক্ত বহু বছর ধরে। মিথ্যা ও মুখরোচক কথার কোনো ভিত্তি নেই। দল আমাকে মনোনয়ন দিলে সর্বশক্তি দিয়ে কাজ করব।”
এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, “দল ও আত্মীয়তা ভিন্ন বিষয়। যদি দলের জন্য কারো অবদান থাকে, নেতাকর্মীরা তাকে যোগ্য মনে করলে গ্রীন সিগন্যাল পেতেই পারে। দলের সিদ্ধান্তই সবার কাছে চূড়ান্ত।”























