বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালিত
- আপডেট সময় : ০৯:২২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ৪১৩ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালিত
নাটোরের বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে র্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

পরে সেখানে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড প্রতিরোধে সচেতনতামূলক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার ভবসিন্ধু রায়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জিয়াউর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমান, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশেক সাত্তার, দয়ারামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ফজলুর রহমান, এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
মহড়ায় ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নিকাণ্ড ও দুর্যোগের সময় করণীয় বিষয়ে প্রদর্শনী দেন এবং উদ্ধার কার্যক্রমের অনুশীলন করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, “১৯৮৯ সাল থেকে প্রতিবছর ১৩ অক্টোবর বিশ্বব্যাপী আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তুতি জোরদার করাই এ দিবসের মূল উদ্দেশ্য।”
সভাপতি ভবসিন্ধু রায় শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “দুর্যোগের সময় দ্রুত করণীয় বিষয়ে সচেতন হতে হবে এবং জরুরি সহায়তার জন্য প্রয়োজনে ৯৯৯ নম্বরে ফোন করতে হবে।”




















