মোহনপুরে কিস্তির টাকার চাপে ভ্যানচালকের বিষপান — চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
- আপডেট সময় : ০৪:০৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ৩১০ বার পড়া হয়েছে

মোহনপুরে কিস্তির টাকার চাপে ভ্যানচালকের বিষপান — চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
রাজশাহীর মোহনপুরে কিস্তির টাকা শোধ করতে না পারায় দোকানির মারধরের শিকার হয়েছেন এক অটোভ্যানচালক। অপমান সহ্য করতে না পেরে দোকানের ভেতরেই বিষপান করেন তিনি। দুই দিন চিকিৎসাধীন থাকার পর মারা যান তিনি।
নিহতের নাম হাশেম মণ্ডল (৪৫)। তিনি মোহনপুর উপজেলার সইপাড়া গ্রামের মেছের মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাশেম মণ্ডল কেশরহাট বাজারের ‘আলিফ মীম এন্টারপ্রাইজ’ নামের একটি ইলেকট্রনিকস দোকান থেকে কিস্তিতে একটি রেফ্রিজারেটর কিনেছিলেন। তবে দোকানিরা অভিযোগ করেন, তিনি কিস্তির টাকা পরিশোধ করতে পারছিলেন না।
হাশেমের স্ত্রী সালমা বেগম জানান, তাঁর স্বামী নিয়মিত কিস্তি দিতেন। কিন্তু দোকানের মালিক আকরাম আলী ও তাঁর সহযোগীরা বকেয়া ১০ হাজার টাকা এবং সুদ বাবদ আরও ১০ হাজার টাকার জন্য দীর্ঘদিন ধরে চাপ সৃষ্টি করছিলেন।
বৃহস্পতিবার সকালে হাশেম যাত্রী নিয়ে কেশরহাট বাজারে গেলে দোকান মালিক আকরাম আলী, তাঁর ভাই আকতার হোসেন ও কয়েকজন কর্মচারী মিলে হাশেমের অটোভ্যানটি কেড়ে নিয়ে মারধর করেন। অপমান ও ক্ষোভে হাশেম স্থানীয় বাজার থেকে রাসায়নিক বিষ কিনে ওই দোকানের ভেতরেই পান করেন।
এ সময় দোকানের কর্মচারীরা তাঁকে বাইরে ফেলে রেখে চলে যান। স্থানীয়রা হাশেমকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন, সেখান থেকে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সন্ধ্যায় মারা যান তিনি।
ঘটনার পর থেকে দোকান মালিক আকরাম আলী ও তাঁর ভাই আকতার হোসেন পলাতক। স্থানীয়দের দাবি, তাঁরা তৃতীয় পক্ষের মাধ্যমে প্রায় তিন লাখ টাকায় ঘটনাটি “দফারফা” করার চেষ্টা করছেন।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, “কিস্তির টাকার জন্য ভ্যান কেড়ে নেওয়ার ঘটনাটি সত্য। এ কারণে ভ্যানচালক বিষপান করেন এবং পরে রাজশাহী মেডিকেলে মারা যান। এখনো কেউ অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”























