রাজশাহীতে বিশ্ব ডাক দিবস পালিত
- আপডেট সময় : ০৩:৫৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫ ৪০৭ বার পড়া হয়েছে

রাজশাহীতে বিশ্ব ডাক দিবস পালিত
“জনগণের জন্য ডাক, স্থানীয় পরিষেবা, বৈশ্বিক পরিসর”-এই প্রতিপাদ্যে রাজশাহীতে বিশ্ব ডাক দিবস-২০২৫ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় রাজশাহী ডাক বিভাগের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অফিস প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, একসময় মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম ছিল চিঠি, ডাকবাক্স আর ডাকপিয়ন। সময়ের পরিবর্তনে সেই আবেদন ম্লান হয়ে গেলেও সরকার আধুনিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ডাক বিভাগকে সময়োপযোগীভাবে গড়ে তুলছে।
বক্তারা আরও বলেন, ডাক বিভাগের বিশাল অবকাঠামো এখন ই-কমার্স খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিত্যপ্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে হিমায়িত খাবার পর্যন্ত দেশের প্রত্যন্ত এলাকায় পৌঁছে দিতে ডাকঘর এখন নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাজী আসাদুল ইসলাম, পোস্টমাস্টার জেনারেল (উত্তরাঞ্চল), রাজশাহী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার মাহবুব হোসেন, রিজিওনাল ম্যানেজার, ডাক জীবন বীমা; মাহফুজুর রহমান, সিনিয়র পোস্টমাস্টার, রাজশাহী জিপিও; ও রাকিব বিশ্বাস, ডিপিএমজি, রাজশাহী পোস্টাল বিভাগ।
সভায় সভাপতিত্ব করেন ড. মোহাম্মদ জিয়াউর রহমান, অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল (উত্তরাঞ্চল)।
এ ছাড়া দিবসটি উপলক্ষে পোস্টাল কমপ্লেক্স নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।























