রাজশাহীতে সাপে কাটা রোগীর সংখ্যা হাজার ছাড়াল, মৃত্যু ৩৮ জন
- আপডেট সময় : ০৩:৩৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫ ৩১০ বার পড়া হয়েছে

রাজশাহীতে সাপে কাটা রোগীর সংখ্যা হাজার ছাড়াল, মৃত্যু ৩৮ জন
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চলতি বছর সাপে কাটা এক হাজারের বেশি রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৩৮ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে ভয়াবহ হয়ে উঠছে রাসেলস ভাইপারের কামড়-এর আক্রমণ বেড়েছে চারগুণ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সাপে কাটা রোগীর চিকিৎসায় বিশেষায়িত ওয়ার্ড চালুর উদ্যোগ নিয়েছে রামেক কর্তৃপক্ষ। চলতি মাসেই ১২ শয্যার নতুন ওয়ার্ডটি চালু হতে যাচ্ছে। সেখানে থাকবে সার্বক্ষণিক চিকিৎসক ও নার্স এবং পর্যাপ্ত অ্যান্টিভেনম সরবরাহ। হাসপাতালের ২৫ নম্বর ওয়ার্ডের সম্প্রসারিত অংশে এই ওয়ার্ড চালু হবে। এর দায়িত্বে থাকবেন মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আবু শাহীন মোহাম্মদ মাহবুবুর রহমান।
রামেক হাসপাতালের তথ্য অনুযায়ী, প্রতিবছর মে থেকে নভেম্বর পর্যন্ত সাপে কাটা রোগীর সংখ্যা বেড়ে যায়। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১,১৬৭ জন রোগী। এর মধ্যে বিষধর সাপের কামড়ে আক্রান্ত ছিলেন ২৪৭ জন, অবিষধর সাপে ৯২০ জন, আর মৃত্যু হয়েছে ৩৮ জনের।
গত বছর ভর্তি হয়েছিলেন ১,৩৭০ জন রোগী; মারা গেছেন ৪০ জন। বিশেষ করে রাসেলস ভাইপার, কেউটে ও গোখরার কামড়েই বেশি মৃত্যু ঘটছে। শুধু রাসেলস ভাইপারের কামড়েই মৃত্যুর সংখ্যা ১০ জন।
তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত আট বছরে রাসেলস ভাইপারের আক্রমণ চারগুণ বেড়েছে।
২০১৮ সালে আক্রান্ত ২১ জন, ২০১৯ সালে ২৮ জন, ২০২০ সালে ৩৫ জন, ২০২১ সালে ৩৭ জন, ২০২২ সালে ৩১ জন, ২০২৩ সালে ৫০ জন, ২০২৪ সালে ৮৬ জন, ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৫৩ জন
এই সাপের কামড়ে গড়ে মৃত্যু হার ২৩ শতাংশ।























