ঠাকুরগাঁওয়ে এসিল্যান্ডের নির্দেশে গাছ কেটে শোকজ তহসিলদার!
- আপডেট সময় : ০৮:২২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ২৩২ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে এসিল্যান্ডের নির্দেশে গাছ কেটে শোকজ তহসিলদার!
ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণের সরকারি গাছ টেন্ডার ছাড়াই কর্তনের অভিযোগে তহসিলদার আবুল কালাম আজাদকে শোকজ করা হয়েছে। তবে তিনি দাবি করেছেন, এসিল্যান্ডের নির্দেশেই গাছগুলো কাটা হয়েছে।
ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানাধীন বালিয়া ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণের বিভিন্ন প্রজাতির সরকারি গাছ টেন্ডার ছাড়াই কাটা হয়েছে— এমন অভিযোগ উঠেছে ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) আবুল কালাম আজাদের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়।
শনিবার (৪ অক্টোবর) ঠাকুরগাঁও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশাদুল হকের স্বাক্ষরিত এক পত্রে তহসিলদারকে তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
তবে তহসিলদার আবুল কালাম আজাদ দাবি করেছেন, “এসিল্যান্ডের নির্দেশেই গাছগুলো কাটা হয়েছে, অথচ এখন দায় আমার ঘাড়ে চাপানো হচ্ছে।”
তিনি জানান, নতুন ভবন নির্মাণের জন্য গাছগুলো কাটা প্রয়োজন ছিল এবং এ বিষয়ে আগেই লিখিত আবেদন করা হয়েছিল।
স্থানীয়দের অভিযোগ, “উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ ছাড়া কোনো তহসিলদার সরকারি গাছ কাটার সাহস পেতে পারে না। তদন্ত করলে আসল দোষীদের চিহ্নিত করা সম্ভব হবে।”
অভিযোগ ওঠার পর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনা শুরু হয়। স্থানীয়রা সরকারি সম্পদের অপব্যবহার রোধে সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এদিকে এসিল্যান্ড মো. আশাদুল হকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি এবং পরবর্তীতে ফোন বন্ধ করে রাখেন।
সদর ইউএনও মো. খাইরুল ইসলাম বলেন, “নির্দেশ দিলেই কেউ গাছ কাটতে পারে না, আইন অনুযায়ী টেন্ডার প্রক্রিয়া অনুসরণ করতেই হবে।”
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বুলবুল আহমেদ বলেন, “বিষয়টি আমার জানা নেই, তবে অভিযোগ সত্য হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


















