রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন শনিবার
- আপডেট সময় : ১২:১৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫ ২৩০ বার পড়া হয়েছে

রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন শনিবার
আগামীকাল শনিবার (৪ অক্টোবর) থেকে রাজশাহী টেনিস কমপ্লেক্সে শুরু হচ্ছে ‘৩০তম রাজশাহী ইন্টারন্যাশনাল জুনিয়র (অনূর্ধ্ব-১৮) টেনিস চ্যাম্পিয়নশিপ’। আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (আইটিএফ) অনুমোদিত এ প্রতিযোগিতা চলবে ১০ অক্টোবর পর্যন্ত। টুর্নামেন্টটির আয়োজন করছে বাংলাদেশ টেনিস ফেডারেশন।
১১টি দেশের মোট ৫২ জন খেলোয়াড় এ চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারী দেশগুলো হলো— বাংলাদেশ, ভারত, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, জাপান, চীন, মালদ্বীপ, চাইনিজ তাইপে, সিঙ্গাপুর ও হংকং। এর মধ্যে বাংলাদেশের হয়ে খেলবেন ১৪ জন প্রতিযোগী।
শনিবার সকাল সাড়ে ৯টায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ অক্টোবর সকালে, একইদিন বিকেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
শুক্রবার (৩ অক্টোবর) বেলা ১১টায় রাজশাহী টেনিস কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট ডিরেক্টর মোহাম্মদ হাবিবুর রহমান জানান, “এ ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে রাজশাহী তথা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভা তৈরি হবে এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে।”
বাংলাদেশ টেনিস ফেডারেশন দীর্ঘদিন ধরেই নিয়মিতভাবে রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টুর্নামেন্ট আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় এবারের আসরে বিশ্বের শীর্ষস্থানীয় জুনিয়র খেলোয়াড়রা অংশ নিচ্ছেন।




















