প্রিয় নবীকে কটুক্তি করায় রাণীশংকৈলে হেফাজত ইসলামের বিক্ষোভ সমাবেশ
- আপডেট সময় : ১১:১৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫ ৪৩৪ বার পড়া হয়েছে

প্রিয় নবীকে কটুক্তি করায় রাণীশংকৈলে হেফাজত ইসলামের বিক্ষোভ সমাবেশ
ঠাকুরগাঁওয়ের দিপু রায়, রাণীশংকৈল উপজেলার হিরা রায় ও মনি রায় কর্তৃক মুসলমান ধর্মাবলম্বীদের প্রিয় নবী হযরত মুহাম্মদ(সা.) ও মা আয়েশা (রা.) এর মর্যাদা ও সম্মানহানির জঘন্যতম কটুক্তি করার প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগষ্ট) বাংলাদেশ হেফাজত ইসলাম রাণীশংকৈল উপজেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাণীশংকৈল উপজেলা হেফাজতে ইসলামের আহব্বানে ঠাকুরগাঁও, রাণীশংকৈল, বালিয়াডাঙ্গী, হরিপুর ও পীরগঞ্জের বাংলাদেশ হেফাজত ইসলামের নেতাকর্মীরাসহ সর্বস্তরের তৌহিদী মুসলিম জনতা উক্ত বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন। বিক্ষোভ সমাবেশ শেষে রাণীশংকৈল উপজেলা পরিষদের মুল ফটকে সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় ঠাকুরগাঁও জেলা শাখার আমির এমদাদুল হক শাহি বলেন, শুধু দিপু রায়কে গ্রেফতার করলেই হবে না। তার সহযোগী ও সমর্থক আরও দুজন রয়েছে হিরা রায় ও মনি রায় তাদেরও দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। তা না হলে আগামী ২৪ ঘন্টার মধ্যে পুরো জেলাকে অচল করে দেয়া হবে।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা শাখা সাধারণ সম্পাদক মুফতি শরিফুল ইসলাম, রানীশংকৈল উপজেলা শাখার সভাপতি মাওলানা শামসুদ্দিন, পীরগঞ্জ উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামী রানীশংকৈল উপজেলা শাখার সেক্রেটারি রজব আলী, নায়েবে আমির মিজানুর রহমান মাষ্টার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার এবং রাজেকুল ইসলাম রাজু প্রমুখ।























