তেঁতুলিয়ায় বাড়ির পাশে পড়েছিল যুবকের নিথর দেহ
- আপডেট সময় : ১২:২৪:৫১ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫ ৫১৪ বার পড়া হয়েছে

তেঁতুলিয়ায় বাড়ির পাশে পড়েছিল যুবকের নিথর দেহ
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নে রাজিউল ইসলাম (৩৫) নামে এক যুবকের বাড়ির পাশে পড়েছিল নিথর দেহ। এটি হত্যা না স্বাভাবিক মৃত্যু এ নিয়ে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। যুবকের মরদেহ উদ্ধারের খবরে সেখানে ভিড় জামায় স্থানীয়সহ আশেপাশের মানুষ। রোববার (১০ আগস্ট) সকালে ভজনপুর ইউনিয়নের কাউরগছ গ্রামে তার নিজ বাড়ির ২০০ থেকে ৩০০ গজ দূর থেকে মরদেহটি উদ্ধার করে তেঁতুলিয়া মডেল থানার পুলিশ। নিহত রাজিউল ইসলাম ওই গ্রামের নাজমুল হকের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, রাজিউল রাতে বাজারে যায়। এরপর রাতে ভাত খেয়ে সেখান থেকে নদীতে মাছ মারতে যায়। পরে রাতে বাড়ি ফেরার পথে বাড়ি থেকে ২০০ থেকে ৩০০ গজ দূরে পড়ে থাকে তার মরদেহ । সকালে স্থানীয়রা দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত্যুর প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধারের সময় শরীরে কোন আঘাতের চিহ্ন বা কোন আলামত পাওয়া যায়নি। নিহতের পরিবার বলছে তার বুকের ব্যথা ছিল। ধারণা করা হচ্ছে বুকের ব্যথা থেকেই তার মৃত্যু হয়েছে। এরপরেও ময়নাতদন্তে রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে। ওসি আরও বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ দায়ের করলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।




















