সিংড়ায় বালু মহলের পাশের রাস্তার ধারে পড়েছিল অজ্ঞাত বৃদ্ধের মরদেহ
- আপডেট সময় : ০৪:২২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ ৫১৮ বার পড়া হয়েছে

সিংড়ায় বালু মহলের পাশের রাস্তার ধারে পড়েছিল অজ্ঞাত বৃদ্ধের মরদেহ
নাটোরের সিংড়ায় বালু মহলের পাশের রাস্তার ধার থেকে ষাট বছর বয়সী এক অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে পুলিশ উপজেলার পৌর এলাকার নিংগইন বালু মহলের পাশের রাস্তার ধার থেকে মরদেহটি উদ্ধার করে।
সিংড়া থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে নিংগইন বালু মহলের পাশে দিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন রাস্তার ধারে একটি মরদেহ পড়ে থাকতে দেখে সিংড়া থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তারা জানান, মরদেহের নাক ও মুখে রক্তের চিহ্ন ছিল। মরদেহের পাশেই একটি লাঠি ও একটি ঝোলা ব্যাগ পড়ে ছিল, যা দেখে ধারণা করা হচ্ছে তিনি একজন ভিক্ষুক বা ভবঘুরে ছিলেন।
মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে এটি সড়ক দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। তবে হত্যাকাণ্ডের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
ওসি আরো বলেন, মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং মৃত্যুর পেছনে কোনো অপরাধমূলক কার্যক্রম রয়েছে কি না, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।























